বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

সালিশে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বাড়িঘরে অগ্নিসংযোগ

মাদারীপুরের রাজৈরে পারিবারিক বিরোধের সালিশি সভায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে জাকির শেখ (৫৫) নামে এক ফল ব্যবসায়ী প্রাণ হারিয়েছেন।

সালিশে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বাড়িঘরে অগ্নিসংযোগ
ছবিঃ সংগৃহীত

মাদারীপুরের রাজৈরে পারিবারিক বিরোধের সালিশি সভায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে জাকির শেখ (৫৫) নামে এক ফল ব্যবসায়ী প্রাণ হারিয়েছেন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে আমগ্রাম ইউনিয়নের আমগ্রাম মধ্যপাড়া এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। হামলায় নিহতের স্ত্রী ও কন্যাও গুরুতর জখম হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাজৈরের আমগ্রামের বাসিন্দা ও জাকির শেখের জামাতা রাসেল কাজীর সঙ্গে প্রতিবেশী মজিদ খানের জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের কোন্দল ছিল। এই বিবাদ মেটাতে মঙ্গলবার সকালে মেয়ের শ্বশুরবাড়িতে যান জাকির শেখ। আলোচনার একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষ মজিদ খান ও তার সহোদররা দেশীয় অস্ত্র নিয়ে আকস্মিক হামলা চালায়। তাদের এলোপাতাড়ি কোপে জাকির শেখ, তার স্ত্রী রেবা বেগম এবং মেয়ে তাজনূর বেগম রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

স্বজনরা তাদের উদ্ধার করে দ্রুত রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাকির শেখকে মৃত ঘোষণা করেন। আহত মা ও মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহত জাকির শেখ উপজেলার মজুমদারকান্দি গ্রামের নুর ইসলাম শেখের সন্তান এবং পেশায় রাজৈর বাসস্ট্যান্ডের একজন ফল ব্যবসায়ী ছিলেন।

এদিকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্ত মজিদ খান ও তার ভাইদের চারটি বসতঘরে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আগুন নির্বাপন করে। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

রাজৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কুতুবউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।