রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার আয়োজিত এই বৈঠকে প্রেসিডেন্ট পুতিন মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও শান্তি ফিরিয়ে আনতে ইরানকে সম্ভাব্য সব উপায়ে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন। রুশ সংবাদমাধ্যম রিয়া নিউজের বরাত দিয়ে এই খবর জানা গেছে।
বৈঠকে রুশ প্রেসিডেন্ট বলেন, আঞ্চলিক শান্তি যত দ্রুত সম্ভব নিশ্চিত করার লক্ষ্যে মস্কো কাজ করে যাবে। তিনি উল্লেখ করেন যে, রাশিয়া এই অঞ্চলের সাধারণ মানুষ এবং ইরানের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে প্রস্তুত। পুতিন আরও আশা প্রকাশ করেন যে, ইরানি জনগণ তাদের দৃঢ় মনোবল ও স্বাধীনতার স্পৃহাকে কাজে লাগিয়ে বর্তমান সংকটময় পরিস্থিতি কাটিয়ে উঠতে সক্ষম হবে এবং অঞ্চলে অচিরেই শান্তি প্রতিষ্ঠিত হবে।
রুশ সমর্থনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, তেহরান ও মস্কোর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় হবে। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধাচারণ অব্যাহত রাখার ঘোষণা দিয়ে জানান, বিশ্ববাসী ইতিমধ্যে প্রত্যক্ষ করেছে যে ইরানি জনগণ তাদের অদম্য সাহসের মাধ্যমে মার্কিন আগ্রাসন মোকাবিলা করতে সক্ষম। বর্তমান প্রতিকূল সময়েও তারা টিকে থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বৈঠকের শুরুতে আরাঘচি জানান, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে একটি সম্মিলিত রূপরেখা নিয়ে রাশিয়ার নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনার পরিকল্পনা রয়েছে তার। এই গুরুত্বপূর্ণ আলোচনায় রাশিয়ার পক্ষে উপস্থিত ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ, রাষ্ট্রপতির সহকারী ইউরি উশাকভ এবং সামরিক গোয়েন্দা সংস্থা বা জেনারেল স্টাফের প্রধান ইগর কস্তিউকভ। অন্যদিকে ইরানি প্রতিনিধিদলে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন তার উপ-সহকারী কাজেম গরিব-আবাদী এবং রাশিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত কাজেম জালালি।