সাভারের ভাকুর্তা এলাকায় পুরোনো ব্যাটারি পুড়িয়ে অবৈধভাবে সিসা উৎপাদনের অভিযোগে পরিচালিত অভিযানে তিনটি খোলা ভাট্টির মোট ছয়টি চুল্লি উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর। তবে অভিযানের সময় কাউকে আটক বা জরিমানা করা সম্ভব হয়নি।
বুধবার (১ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখা এবং ঢাকা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র সাভারের নির্জন উন্মুক্ত এলাকায় পুরোনো ব্যাটারি পুড়িয়ে অবৈধভাবে সিসা উৎপাদন করে আসছিল। এতে আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও জীববৈচিত্র্য গুরুতর স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ছিল।
অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. হাবিবুর রহমান। এ সময় সহকারী পরিচালক মো. নাজমুল হোসেন উপস্থিত ছিলেন। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে সাভার থানা পুলিশ।
অভিযানের সময় নামবিহীন তিনটি খোলা ভাট্টির ছয়টি চুল্লি এস্কেভেটরের মাধ্যমে গুঁড়িয়ে দেওয়া হয়।
ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, ‘অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। ফলে কাউকে গ্রেফতার বা জরিমানা করা সম্ভব হয়নি। কে বা কারা এই অবৈধ কাজ করছে তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। তবে আমরা ভাট্টিগুলো সম্পূর্ণ উচ্ছেদ করেছি। পরবর্তীতে এমন কাজ করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের বড় চ্যালেঞ্জ হলো, স্থানীয় কেউ ভয়ে তথ্য দিতে চায় না।’