শহীদ শরীফ ওসমান হাদির পরিবারের পুনর্বাসনে রাষ্ট্রীয় উদ্যোগের অংশ হিসেবে তাদের হাতে ফ্ল্যাটের দলিল ও চাবি তুলে দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই হস্তান্তর সম্পন্ন করেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১০
ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হাদির
স্ত্রী ও পরিবারের সদস্যদের
উপস্থিতিতে এই দলিল ও
চাবি হস্তান্তর করা হয়। জাতীয়
গৃহায়ন কর্তৃপক্ষের মাধ্যমে রাজধানীর লালমাটিয়া এলাকায় অবস্থিত প্রস্তুত (রেডি) ফ্ল্যাটটির মালিকানা দলিল ও চাবি
পরিবারের হাতে তুলে দেন
প্রধান উপদেষ্টা।
এর আগে গত ২০
জানুয়ারি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন
আহমেদ জানিয়েছিলেন, ঢাকায় একটি ফ্ল্যাট কেনার
জন্য হাদির পরিবারকে এক কোটি টাকা
দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সরকারের পক্ষ থেকে হাদির
ভাইকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক
নিয়োগ দেওয়া হয়।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও
গণভোটের তফশিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর
দুর্বৃত্তদের গুলিতে আহত হন শরীফ
ওসমান হাদি। পরে তাকে ঢাকা
মেডিকেল কলেজ হাসপাতাল ও
এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে
নেওয়া হলেও গত ১৮
ডিসেম্বর রাতে তিনি মারা
যান।