চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় যানবাহনের ২০৭ পিস যন্ত্রাংশ উদ্ধার করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৯ জুন) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।
৫৯ বিজিবি সূত্রে জানা গেছে, ওই দিন সকাল ৮টার দিকে মহানন্দা ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক সেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের তালতলা এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে ওই এলাকার সেতরুল হাজীর একটি পরিত্যক্ত পুকুর থেকে মালিকবিহীন অবস্থায় ২০৭ পিস ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
উদ্ধার করা এসব যন্ত্রাংশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
বিষয়টি নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, “সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী যেকোনো কর্মকাণ্ড দমনে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি’র এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”