সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের একটি ব্লগে আগুন লাগলে পুরো হাসপাতাল জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আগুন নেভাতে গিয়ে এক অ্যাম্বুল্যান্স চালক আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালের একটি ওয়ার্ডের অংশ থেকে হঠাৎ ধোঁয়া ও আগুনের শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুনের খবর ছড়িয়ে পড়লে চিকিৎসাধীন রোগী, তাদের স্বজন এবং কর্তব্যরত চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। প্রাণভয়ে অনেকেই হাসপাতাল ভবন থেকে নিচে নেমে আসেন এবং নিরাপদ স্থানে আশ্রয় নেন। অগ্নিকাণ্ডের কারণে সংশ্লিষ্ট তলার চিকিৎসাসেবা কার্যক্রম সাময়িকভাবে বিঘ্নিত হয়।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুততম সময়ের মধ্যে হাসপাতালে পৌঁছায় এবং সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন বড় ধরনের বিপর্যয় ঘটানোর আগেই নেভানো সম্ভব হয়েছে। তবে আগুনের ঘটনায় হাসপাতালের ভেতরে ধোঁয়া ছড়িয়ে পড়ায় রোগীদের স্থানান্তরের ক্ষেত্রে স্বজনদের বেশ বেগ পেতে হয়েছে।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার সাইফুল ইসলাম গণমাধ্যমকে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালের একটি নির্দিষ্ট অংশে আগুনের সূত্রপাত হয়েছিল। খবর পাওয়ার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের প্রকৃত কারণ এবং এর ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে বলে জানানো হয়েছে।