ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেও এখনো আলোচনার সুযোগ রয়েছে।
হাঙ্গেরির বুদাপেস্টে এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ভ্যান্স বলেন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে মার্কিন আল্টিমেটাম শেষ হতে মাত্র ১২ ঘণ্টা বাকি থাকলেও এই সময়ের মধ্যে ব্যাপক দরকষাকষির সুযোগ রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, উভয় পক্ষই একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে পারবে।
অন্যদিকে একই সময় প্রেসিডেন্ট ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ কঠোর অবস্থান জানিয়ে এক উত্তেজনাকর বার্তা দেন। সেখানে তিনি সতর্ক করে বলেন, আজ রাতে একটি আস্ত সভ্যতা চিরতরে বিলুপ্ত হয়ে যেতে পারে।
ট্রাম্প আরও বলেন, তিনি ব্যক্তিগতভাবে এমন ধ্বংস চান না, তবে পরিস্থিতি সেই দিকেই এগোচ্ছে। এর আগে তিনি ইরানকে ‘পাথর যুগে’ ফেরত পাঠানোর হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, দেশটির বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংস করা হবে, এমনকি এতে যুদ্ধাপরাধের অভিযোগ উঠলেও তিনি পিছু হটবেন না।
ভ্যান্স ইরানের অর্থনৈতিক সংকটের বিষয়টি তুলে ধরে সতর্ক করে বলেন, তেহরান যদি আলোচনায় না আসে, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। তিনি জানান, যুক্তরাষ্ট্র এখনো তাদের সব সামরিক সক্ষমতা ব্যবহার করেনি। ইরান যদি অবস্থান না বদলায় এবং মার্কিন শর্ত না মানে, তাহলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
সব মিলিয়ে ট্রাম্পের সময়সীমা এবং ভ্যান্সের কূটনৈতিক ইঙ্গিত—দুইয়ের সমান্তরালে বিশ্বজুড়ে চরম উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে।
সূত্র: দ্য গার্ডিয়ান।