শুক্রবার, 23 অক্টোবর 2026
সকল বিভাগ

সোনারগাঁয়ে এক হাজার অবৈধ দোকানপাট উচ্ছেদ

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের সংযোগস্থল নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় যানজট নিরসন ও পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন।

সোনারগাঁয়ে এক হাজার অবৈধ দোকানপাট উচ্ছেদ
ছবিঃ সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের সংযোগস্থল নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় যানজট নিরসন ও পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন।

সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এই বিশেষ অভিযানে সড়কের দুই পাশে গড়ে ওঠা প্রায় এক হাজার অবৈধ দোকানপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। নারায়ণগঞ্জ জেলা ও সোনারগাঁ উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

নারায়ণগঞ্জ জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খান এবং সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের নেতৃত্বে এই উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন হয়। অভিযানে মহাসড়কের জায়গা দখল করে গড়ে তোলা অস্থায়ী দোকান ও অবৈধ স্থাপনাগুলো এক্সকাভেটর দিয়ে ভেঙে ফেলা হয়। দীর্ঘদিন ধরে এসব অবৈধ দখলের কারণে কাঁচপুর এলাকায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছিল, যা সাধারণ যাত্রী ও চালকদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান গণমাধ্যমকে জানান, জেলা প্রশাসকের বিশেষ নির্দেশনায় জনস্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কাঁচপুর মোড়ের মতো গুরুত্বপূর্ণ পয়েন্টে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ দখলদারদের কোনো ছাড় দেওয়া হবে না। তিনি আরও হুঁশিয়ারি দেন যে, উচ্ছেদকৃত জায়গাগুলো যাতে পুনরায় দখল না হয় সেজন্য নিয়মিত তদারকি করা হবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উচ্ছেদ অভিযানে আরও উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আলরাজী লিয়ন, কাঁচপুর হাইওয়ে থানার ইনচার্জ বিষ্ণুপদ শর্মা এবং নারায়ণগঞ্জ জেলা ও সোনারগাঁ থানা পুলিশের বিপুলসংখ্যক সদস্য। মহাসড়কের শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এই কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন সাধারণ পথচারী ও পরিবহন শ্রমিকরা।