সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস থেকে জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে এই নির্দেশনা প্রদান করা হয়।
বুধবার (১ এপ্রিল) প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে প্রবাসীদের স্পষ্টভাবে জানানো হয়েছে যে, চলমান যুদ্ধ সংক্রান্ত কোনো প্রকার স্থিরচিত্র বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা থেকে কঠোরভাবে বিরত থাকতে হবে। বিশেষ করে ফেসবুক, ইউটিউব বা এক্স-এর মতো প্ল্যাটফর্মে এ ধরনের কোনো কন্টেন্ট প্রচার করা আইনত নিষিদ্ধ।
দূতাবাস সূত্রে জানা গেছে, সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি এ বিষয়ে একটি বিশেষ সতর্কবাণী প্রচার করেছে। সেখানে উল্লেখ করা হয়েছে, মিসাইল বা ড্রোন হামলা প্রতিরোধ করার দৃশ্য কিংবা হামলার পর মাটিতে পড়ে থাকা ধ্বংসাবশেষের কোনো তথ্য, ছবি বা ভিডিও ধারণ ও আদান-প্রদান করা দণ্ডনীয় অপরাধ। এমন কর্মকাণ্ডে লিপ্ত ব্যক্তিদের কঠোর আইনি শাস্তির মুখোমুখি হতে হবে।
এই পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সৌদি আরবের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। বিজ্ঞপ্তিতে প্রবাসীদের অনুরোধ করা হয়েছে যেন তারা যুদ্ধ সংক্রান্ত কোনো স্পর্শকাতর তথ্য নিজেদের মোবাইলে সংরক্ষণ না করেন এবং পারস্পরিক আদান-প্রদান থেকেও সম্পূর্ণ বিরত থাকেন। প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনি জটিলতা এড়াতে এই নির্দেশনা মেনে চলা অত্যন্ত জরুরি বলে মনে করছে দূতাবাস কর্তৃপক্ষ।