ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সামনে রেখে স্পিকার ও ডেপুটি স্পিকার পদে প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বসেছে বিএনপির সংসদীয় দল। সংসদের প্রথম অধিবেশনের প্রস্তুতির অংশ হিসেবেই এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সংসদীয় দলের সভাকক্ষে বৈঠকটি শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান—এ তথ্য নিশ্চিত করেছেন চিফ হুইপ নূরুল ইসলাম।
বৈঠক প্রসঙ্গে নূরুল ইসলাম বলেন, ‘কালকে প্রথম অধিবেশন। এর প্রস্তুতির অংশ হিসেবে এই বৈঠক।’
আগামী বৃহস্পতিবার সকাল ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। ওই দিনের কার্যসূচিতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অন্তর্ভুক্ত রয়েছে। একই অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন।
সরকারি দলের সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ জানান, প্রথম অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা বিভিন্ন অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে। পাশাপাশি শোক প্রস্তাবও উত্থাপন করা হবে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ১৭ ফেব্রুয়ারি নতুন সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পর বিএনপির সংসদীয় দলের প্রথম বৈঠকে দলের চেয়ারম্যান তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদ নেতা নির্বাচিত করা হয়। একই দিন বিকেলে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।
৩০০ আসনের জাতীয় সংসদের মধ্যে দুটি আসনের নির্বাচনের ফলাফল স্থগিত রয়েছে এবং এক প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনের নির্বাচন বাতিল হয়েছে। অবশিষ্ট ২৯৭টি আসনের ফলাফলের মধ্যে বিএনপি পেয়েছে ২০৯টি, জামায়াতে ইসলামী ৬৮টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি, এবং বাংলাদেশ খেলাফত মজলিস ২টি আসন।
এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস—প্রতিটি দল ১টি করে আসন পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৭টি আসনে।
এদিকে বৃহস্পতিবারের প্রথম অধিবেশনকে সামনে রেখে সংসদ সচিবালয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। অধিবেশন কক্ষের পাশাপাশি স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ নেতা ও বিরোধী দলীয় নেতার দপ্তরও প্রস্তুত করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় জাতীয় সংসদ ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছিল। ফলে অধিবেশন শুরুর আগে ভবনের বিভিন্ন অংশ সংস্কার করতে হয়েছে সংসদ সচিবালয়কে।