তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে দক্ষিণী সুপারস্টার বিজয় থালাপাতির নবগঠিত দল ‘তামিলাগা ভেটরি কাজাগম’ (টিভিকে) অভাবনীয় সাফল্যের পথে রয়েছে।
নির্বাচনের শুরু থেকেই বিজয়ের দলের এই জয়জয়কার যেন ‘থালাপাতি-ঝড়ে’ রূপ নিয়েছে, যার প্রভাবে বড় ধরনের রাজনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। মাত্র দুই বছর আগে যাত্রা শুরু করা একটি রাজনৈতিক দলের এমন দাপটে দক্ষিণ ভারতের এই রাজ্যের পুরনো রাজনৈতিক সমীকরণ পুরোপুরি ওলটপালট হয়ে গেছে।
নির্বাচনের সবচেয়ে বড় চমক দেখা গেছে স্বয়ং মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের নিজের আসনে। তার শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কোলাথুর কেন্দ্রে টিভিকে প্রার্থী ভি এস বাবুর কাছে পরাজিত হয়েছেন তিনি। দিনভর হাড্ডাহাড্ডি লড়াই চললেও শেষ পর্যন্ত হার মানতে হয় স্ট্যালিনকে। উল্লেখ্য যে, আজ সকালেই নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইল থেকে ‘মুখ্যমন্ত্রী’ পরিচয় সরিয়ে ফেলায় তার পরাজয় নিয়ে যে গুঞ্জন শুরু হয়েছিল, শেষ পর্যন্ত তাই বাস্তবে রূপ নিলো।
ভোট গণনার সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বিজয়ের দল টিভিকে দ্রুত ম্যাজিক ফিগার ১১৮-এর দিকে এগিয়ে যাচ্ছে। বিপরীতে তামিলনাড়ুর দীর্ঘদিনের প্রভাবশালী দল দ্রাবিড় মুন্নেত্র কাজগম (ডিএমকে) এবং অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্র কাজগম (এআইএডিএমকে) একের পর এক আসন হারাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটাররা দশকের পর দশক ধরে চলে আসা দ্বিমেরু রাজনীতি প্রত্যাখ্যান করে নতুন নেতৃত্বের ওপর আস্থা রেখেছেন। ফলে তামিলনাড়ুর রাজনীতিতে ডিএমকে ও এআইএডিএমকে-র আধিপত্যের অবসান ঘটিয়ে বিজয় থালাপাতির দল এক নতুন যুগের সূচনা করতে যাচ্ছে।