সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ২১.৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। শুক্রবার সকালে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক জব্দকৃত মাদকসহ তাদের বিশ্বম্ভরপুর থানায় সোপর্দ করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধনপুর ইউনিয়নের হালাবাদী আনন্দ বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— ধনপুর ইউনিয়নের হালাবাদী গ্রামের বাসিন্দা জুমান মিয়া (২৮) এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সাকুচাইল গ্রামের আক্তার হোসেন (৩১)।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি দল জানতে পারে যে আনন্দ বাজার এলাকায় একটি পিকআপ ভ্যানে করে মাদকের বড় একটি চালান হাতবদল হচ্ছে। সংবাদের সত্যতা যাচাইয়ে র্যাবের আভিযানিক দলটি সেখানে অভিযান চালিয়ে একটি নীল-হলুদ রঙের সিঙ্গেল কেবিন পিকআপসহ চালককে আটক করে।
পরবর্তীতে আটকৃত চালকের দেওয়া তথ্যের ভিত্তিতে হালাবাদী এলাকার জুমান মিয়ার বাড়িতে তল্লাশি চালানো হয়। অভিযানে জুমান মিয়ার বসতঘরের বারান্দা থেকে তাকে আটক করা হয় এবং সেখান থেকে প্লাস্টিকের বস্তায় বিশেষ কায়দায় কালো পলিথিনে মোড়ানো মোট ২১.৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব-৯, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ অভিযানের বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। মাদকের বিস্তার রোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র্যাবের এই ধরনের কঠোর নজরদারি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।