সামাজিক যোগাযোগমাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (সিবিআইইউ) এক কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ ইউনুসকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ১৭ মার্চ জারি করা এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
একই আদেশে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, আগামী ৭ কার্যদিবসের মধ্যে তাকে রেজিস্ট্রার দপ্তরে লিখিত ব্যাখ্যা জমা দিতে হবে।
অফিস আদেশে বলা হয়, সম্প্রতি মুহাম্মদ ইউনুস তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম—ফেসবুকসহ অন্যান্য প্ল্যাটফর্মে—স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট করেছেন বলে প্রতীয়মান হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আচরণবিধি ও শৃঙ্খলার পরিপন্থী।
এতে আরও উল্লেখ করা হয়, একজন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানিমূলক বা আপত্তিকর আচরণ প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করে।
এই পরিস্থিতিতে কর্তৃপক্ষের নির্দেশে তাকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের দায়িত্ব ও কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
নোটিশে আরও বলা হয়েছে, কেন তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে নির্ধারিত সময়ের মধ্যে লিখিত জবাব দিতে হবে।