রবিবার, 25 অক্টোবর 2026
সকল বিভাগ

'স্বরাষ্ট্রমন্ত্রীর ‘লাল-সবুজ চুড়ি’ পরে বসে থাকা উচিত'

সীমান্ত নিরাপত্তা ও সাম্প্রতিক হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেছেন, সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর ‘লাল-সবুজ চুড়ি’ পরে বসে থাকা উচিত।

'স্বরাষ্ট্রমন্ত্রীর ‘লাল-সবুজ চুড়ি’ পরে বসে থাকা উচিত'

সীমান্ত নিরাপত্তা ও সাম্প্রতিক হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেছেন, সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর ‘লাল-সবুজ চুড়ি’ পরে বসে থাকা উচিত।

তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তার ভাষায়, সীমান্তে দুইজন নিহত হওয়ার পরও সরকারের পক্ষ থেকে কোনো প্রতিবাদ না আসায় তিনি বিস্মিত।

মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এসব মন্তব্য করেন তিনি।

এর আগে কসবা থেকে তিনি সীমান্তবর্তী ধজনগর গ্রামে যান, যেখানে বিএসএফের গুলিতে নিহত মোরসালিনের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। তিনি নিহতের বাবা হেবজু মিয়ার সঙ্গেও কথা বলেন।

নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, কোনো দেশপ্রেমিক মানুষই সীমান্তে বাংলাদেশের নাগরিকদের মৃত্যু মেনে নিতে পারেন না। ভারতের অভ্যন্তরে প্রায় ২০০ গজের মধ্যে মোরসালিন ও নবীর হোসেনের মৃত্যুকে তিনি ‘সীমান্ত শহীদ’ হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা চলতে থাকলে এ অঞ্চলে নতুন একটি রাষ্ট্র গঠনের পরিস্থিতি তৈরি হতে পারে। সীমান্তে চোরাচালান রোধে ব্যর্থতার জন্য তিনি বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীকেও দায়ী করেন।

পরে তিনি মোরসালিনের কবর জিয়ারত করেন।

এরপর তিনি মানিক্য মুড়ি গ্রামে নিহত নবীর হোসেনের বাড়িতে যান এবং সেখানে তার স্ত্রী ও সন্তানদের সঙ্গে কথা বলেন। উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, সবাইকে মাদক চোরাচালানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি অভিযোগ করে বলেন, বর্তমান সরকারের মন্ত্রী-এমপিরা চোরাচালানের ‘গডফাদার’ হিসেবে কাজ করছেন এবং সাধারণ মানুষকে শ্রমিক হিসেবে ব্যবহার করা হচ্ছে।

এ সময় তার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা এমসিপি নেতা মোহাম্মদ আতাউল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।