মেহনতি মানুষের প্রতিনিধি হিসেবে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১ মে) বিকেলে মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
মির্জা ফখরুল বলেন, তারেক রহমান মানুষের হৃদয় জয় করে একের পর এক সাফল্য অর্জন করেছেন। তিনি ‘আই হ্যাভ এ প্ল্যান’ কর্মসূচির মাধ্যমে রাষ্ট্র কাঠামো গঠনের উদ্যোগ নিয়েছেন। তার ভাষায়, তিনি শুধু প্রধানমন্ত্রী নন, বরং মেহনতি মানুষের প্রতীক। তিনি দেশের ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি ও ব্যাংক খাত পুনর্গঠনে ভূমিকা রেখেছেন।
বক্তব্যে তিনি অতীত আন্দোলনে নিহত শ্রমিকদের স্মরণ করেন এবং হকারদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
শ্রমিকদের কল্যাণে ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, শ্রমিকদের সন্তানদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে এবং চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি আরও বলেন, গতকাল (৩০ এপ্রিল) সংসদে তারেক রহমান একজন সত্যিকারের রাষ্ট্রনায়কের মতো বক্তব্য দিয়েছেন। তিনি একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চান এবং তিনি এমন নেতৃত্বের উত্তরসূরি, যারা সবসময় গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে কাজ করেছেন।