সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানার আগুনে বোলিংয়ে দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সফরকারীরা।
২৯১ রানের লক্ষ্য নিয়ে ইনিংস শুরু করলেও পাকিস্তানের শুরুটা ছিল হতাশাজনক। দলীয় মাত্র ৬ রানেই প্রথম উইকেট হারায় তারা। ওপেনার শাহিবজাদা ফারহানকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। ৫ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন এই পাকিস্তানি ব্যাটার।
প্রথম ধাক্কা সামলানোর আগেই আরও দুটি উইকেট হারিয়ে চরম চাপে পড়ে পাকিস্তান। অপর ওপেনার মাজ সাদাকাতকে আউট করে দ্বিতীয় আঘাত হানেন নাহিদ রানা। তিনি ৫ বলে ৬ রান করে বিদায় নেন।
এরপর মোহাম্মদ রিজওয়ানকে বোল্ড করে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন তাসকিন। ৪ বলে মাত্র ৪ রান করেই সাজঘরে ফিরতে হয় পাকিস্তানের এই ব্যাটারকে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ২৭ রান।