বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

তেহরানে আবাসিক ভবনে বিমান হামলা, নিহত ১৩

ইরানের রাজধানী তেহরানের ঘনবসতিপূর্ণ বাহারিস্তান এলাকায় দুটি বহুতল আবাসিক ভবনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় ১৩ জনের মৃত্যু হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তেহরানের ফার্স নিউজ এজেন্সির বরাতে সোমবার (৬ এপ্রিল) ভোরে ঘটা এই হামলার খবর নিশ্চিত করেছে।

তেহরানে আবাসিক ভবনে বিমান হামলা, নিহত ১৩
ছবিঃ সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানের ঘনবসতিপূর্ণ বাহারিস্তান এলাকায় দুটি বহুতল আবাসিক ভবনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় ১৩ জনের মৃত্যু হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তেহরানের ফার্স নিউজ এজেন্সির বরাতে সোমবার (৬ এপ্রিল) ভোরে ঘটা এই হামলার খবর নিশ্চিত করেছে।

বাহারিস্তানের গভর্নর স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, টার্গেট করা ভবন দুটি সম্পূর্ণ আবাসিক ছিল। বর্তমানে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে জরুরি বিভাগের কর্মীরা ব্যাপক তৎপরতা চালাচ্ছেন। তবে জনবহুল এই বেসামরিক এলাকায় কেন এমন বিধ্বংসী হামলা চালানো হলো, সে বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান বনাম যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটের মধ্যে শুরু হওয়া এই সংঘাত এখন চরম আকার ধারণ করেছে। প্রাথমিক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও বেসামরিক নাগরিক প্রাণ হারানোর পর মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর প্রতিক্রিয়ায় তেহরানও ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।

গত এক মাসেরও বেশি সময় ধরে চলা এই পাল্টাপাল্টি রক্তক্ষয়ী সংঘর্ষে ইরানের বিভিন্ন সামরিক ও অসামরিক স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। অন্যদিকে, ইরান ও লেবাননের হিজবুল্লাহর যৌথ আক্রমণে ইসরায়েলের ভেতরেও ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে। পেন্টাগনের তথ্য অনুযায়ী, হিজবুল্লাহ ও ইরানি হামলায় এ পর্যন্ত ১৩ জন মার্কিন সেনার মৃত্যু হয়েছে এবং অন্তত ৩৬৫ জন আহত হয়েছেন, যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে এই সংঘাত পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে।