রবিবার, 29 নভেম্বর 2026
সকল বিভাগ

টেকনাফে ডাকাতের গুলিতে তরুণী নিহত

কক্সবাজারের টেকনাফে ডাকাতদলের গুলিতে সুমাইয়া আকতার (১৯) নামে এক তরুণী নিহত হয়েছেন।

টেকনাফে ডাকাতের গুলিতে তরুণী নিহত
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে ডাকাতদলের গুলিতে সুমাইয়া আকতার (১৯) নামে এক তরুণী নিহত হয়েছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালী পাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সুমাইয়া ওই এলাকার আবু বক্কর সিদ্দিকের মেয়ে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে একদল সশস্ত্র ডাকাত নোয়াখালী পাড়ায় ডাকাতি ও অপহরণের উদ্দেশ্যে হানা দেয়। এ সময় গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে ডাকাতদলকে প্রতিহত করার চেষ্টা করেন। সাধারণ মানুষের বাধার মুখে ডাকাতরা ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। ডাকাতদলের ছোড়া গুলিতে সুমাইয়া আকতার গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করলে পথেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা বাদশা জানান, ডাকাতদল গ্রামে ঢুকে আতঙ্ক সৃষ্টি করেছিল। যখন স্থানীয়রা তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করেন, তখন ডাকাতরা গুলি ছুড়তে ছুড়তে পিছু হটে। সেই গুলিতেই সুমাইয়ার মৃত্যু হয়। এই ঘটনার পর থেকে পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নোয়াখালী পাড়া এলাকায় এক তরুণী গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। বর্তমানে সেখানে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।