শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

থানচির দুর্গম পাহাড়ে আটকে পড়া ৪ পর্যটককে উদ্ধার করল বিজিবি

টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ায় বান্দরবানের থানচি উপজেলার দুর্গম থুইসপাড়া এলাকায় আটকে পড়া চার শিক্ষার্থী-পর্যটককে ৪৮ ঘণ্টাব্যাপী অভিযানে নিরাপদে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ এ অভিযানে পাহাড়ধস, দুর্গম পাহাড়ি পথ এবং প্রবল স্রোত উপেক্ষা করে উদ্ধারকারীরা চারজনকেই নিরাপদে থানচিতে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন।

থানচির দুর্গম পাহাড়ে আটকে পড়া ৪ পর্যটককে উদ্ধার করল বিজিবি

টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ায় বান্দরবানের থানচি উপজেলার দুর্গম থুইসপাড়া এলাকায় আটকে পড়া চার শিক্ষার্থী-পর্যটককে ৪৮ ঘণ্টাব্যাপী অভিযানে নিরাপদে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ এ অভিযানে পাহাড়ধস, দুর্গম পাহাড়ি পথ এবং প্রবল স্রোত উপেক্ষা করে উদ্ধারকারীরা চারজনকেই নিরাপদে থানচিতে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন।

সংশ্লিষ্টরা জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচালিত এ উদ্ধার অভিযানে বিজিবির সদস্যরা প্রতিকূল আবহাওয়ার মধ্যেও দায়িত্বশীলতার সঙ্গে অভিযান সম্পন্ন করেন।

জানা গেছে, গত ৪ জুলাই ঢাকার চার তরুণ পর্যটক বান্দরবানের জনপ্রিয় পর্যটনকেন্দ্র আমিয়াখুম ভ্রমণের উদ্দেশ্যে থুইসপাড়া এলাকায় যান। কিন্তু ৭ জুলাই থেকে টানা ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল এবং নদীর পানির উচ্চতা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় নৌপথ বন্ধ হয়ে যায়। এতে তারা ওই এলাকায় আটকা পড়েন।

বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পর্যটকদের আটকে পড়ার খবর পাওয়ার পর জিন্নাপাড়া ক্যাম্প থেকে একটি অভিযানিক দল দ্রুত থুইসপাড়ায় পৌঁছে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। পরে তাদের নিরাপদ অবস্থানে রাখা, খাদ্য, আশ্রয় ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয় এবং সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১১ জুলাই আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান শুরু হয়। বিজিবির দল পর্যটকদের নিয়ে বিকল্প পাহাড়ি পথ ধরে হেঁটে থুইসপাড়া, জিন্নাপাড়া, হালিরামপাড়া ও নিকোলাসপাড়া অতিক্রম করে দুর্গম ঝিরি ও পাহাড়ি এলাকা পেরিয়ে অংসাউপাড়ায় পৌঁছায়। সেখানে বিজিবির তত্ত্বাবধানে তাদের রাতযাপনের ব্যবস্থা করা হয়।

প্রবল বৃষ্টি, পাহাড়ধস, ঝিরিতে পানির উচ্চতা বৃদ্ধি এবং তীব্র স্রোতের কারণে প্রথম দিন সীমান্ত সড়ক পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়নি বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

রোববার (১২ জুলাই) অংসাউপাড়া বিজিবি ক্যাম্প থেকে আরেকটি টহলদল পর্যটকদের নিয়ে প্রায় চার ঘণ্টা পায়ে হেঁটে দুর্গম পাহাড়ি পথ ও ঝিরি অতিক্রম করে সীমান্ত সড়কসংলগ্ন নেপিউপাড়ায় পৌঁছে। পরে বিজিবির গাড়িতে করে চারজনকে নিরাপদে থানচিতে ফিরিয়ে আনা হয়।

স্থানীয়দের ভাষ্য, পর্যটকরা আটকে পড়ার খবর পাওয়ার পর বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) জিন্নাপাড়া ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়দের সহযোগিতায় দুর্গম পাহাড়ি পথ ও প্রবল স্রোত অতিক্রম করে সফলভাবে উদ্ধার অভিযান সম্পন্ন করা হয়।

উদ্ধার হওয়া শিক্ষার্থী-পর্যটক তামিম রায়হান, মাহাদি আল মাহবুব ও মারুফ উদ্দিন বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বিজিবি তাদের নিরাপত্তা, খাদ্য ও আশ্রয়ের ব্যবস্থা করেছে। প্রতিকূল আবহাওয়া এবং অত্যন্ত দুর্গম পথ অতিক্রম করে জীবনের ঝুঁকি নিয়ে বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করেছেন।

বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করাও বিজিবির দায়িত্বের অংশ। প্রতিকূল পরিবেশের মধ্যেও বাহিনীর সদস্যরা সাহস, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে উদ্ধার অভিযান সফলভাবে সম্পন্ন করেছেন।