সিলেটের বিয়ানীবাজারে সোনাই নদীতে আয়োজিত ঐতিহ্যবাহী নৌকাবাইচকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। ‘তৌহিদি জনতা’র ব্যানারে একটি পক্ষ প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজন চালিয়ে যাওয়ার বিষয়ে অনড় আয়োজকেরা।
লাউতা-বাহাদুরপুর যুব সমাজের উদ্যোগে প্রতিবছরের মতো এবারও সোনাই নদীতে বার্ষিক নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী ২৮ আগস্ট প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আয়োজকেরা ইতোমধ্যে এর প্রস্তুতি শুরু করেছেন।
তবে প্রতিযোগিতা বন্ধের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট দেওয়ার পাশাপাশি গত বৃহস্পতিবার বারিগ্রাম বাজার মসজিদে ‘তৌহিদী জনতা লাউতা ইউনিয়ন’ ব্যানারে সভা করেন কয়েকজন। সেখানে নৌকাবাইচ বাতিলের দাবি জানানো হয়।
এদিকে পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ আয়োজন করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল করিম।
তিনি বলেন, সেখানে দুটি পক্ষ রয়েছে। তাই জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হবে না।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে সোনাই নদীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। অতীতে আয়োজন নিয়ে কোনো ধরনের বাধার মুখে পড়তে হয়নি। তবে এবার কয়েকজন স্থানীয় যুবকের সামাজিক যোগাযোগমাধ্যমে নৌকাবাইচের বিরোধিতা করে লেখালেখির কারণে উদ্বেগ তৈরি হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে লাউতা ইউনিয়নের এক বাসিন্দা বলেন, স্থানীয় যুবকেরা বহু বছর ধরে নদীতে নৌকাবাইচের আয়োজন করে আসছেন। কয়েক দিন ধরে কিছু যুবক ফেসবুকে প্রতিযোগিতার বিরুদ্ধে লেখালেখি করায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে।
আরেক বাসিন্দা বলেন, প্রতিবছর শত শত মানুষ নৌকাবাইচ দেখতে নদীর তীরে ভিড় করেন। তবে এবার প্রতিযোগিতা বন্ধের জন্য অপপ্রচার চালানো হচ্ছে।
এ বিষয়ে ১১ নম্বর লাউতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গউস উদ্দিন বলেন, উত্তেজনাকর পরিস্থিতি নিরসনে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে।
লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলওয়ার হোসেন বলেন, নৌকাবাইচে বাধা দেওয়ার বিষয়টি তিনি শুনেছেন। তবে কোনো পক্ষই এখন পর্যন্ত তার কাছে এ বিষয়ে অভিযোগ নিয়ে আসেনি। তিনি জানান, এলাকায় প্রায়ই এ ধরনের নৌকাবাইচ অনুষ্ঠিত হয়ে থাকে।
অন্যদিকে আয়োজক কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, নৌকাবাইচ যথাসময়েই অনুষ্ঠিত হবে। তিনি জানান, প্রস্তুতি নিয়ে শুক্রবার (২১ আগস্ট) আয়োজকদের বৈঠক হয়েছে এবং শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় আরও একটি সভা হওয়ার কথা রয়েছে।
তিনি বলেন, নৌকাবাইচ হচ্ছে।