হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ৪৮ ঘণ্টার চরম হুঁশিয়ারি সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের কেন্দ্রীয় সামরিক সদর দফতর ‘খাতাম আল-আম্বিয়া’ এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্টের এই হুমকিকে গুরুত্বহীন ও কাণ্ডজ্ঞানহীন বলে অভিহিত করেছে।
বিবৃতিতে জেনারেল আলি আবদুল্লাহি আলি আবাদি বলেন, ট্রাম্পের এই বার্তা তার ‘অসহায়ত্ব, দিশেহারা ভাব এবং ভারসাম্যহীন মানসিকতার’ বহিঃপ্রকাশ। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ট্রাম্প যদি মনে করেন তার এই হুমকির মাধ্যমে ইরান পিছু হটবে, তবে তিনি ভুল করছেন। বরং এই ধরনের উস্কানিমূলক বার্তার সহজ অর্থ হলো খোদ যুক্তরাষ্ট্রের জন্যই ‘দোজখের দরজা’ উন্মুক্ত হয়ে যাওয়া।
এর আগে স্থানীয় সময় শনিবার ডোনাল্ড ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ইরানকে দেওয়া আলটিমেটাম পুনর্ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন, ইরানকে একটি চুক্তিতে পৌঁছাতে অথবা হরমুজ প্রণালি উন্মুক্ত করতে দেওয়া ১০ দিনের সময়সীমা প্রায় শেষ। আগামী সোমবারের মধ্যে এই দাবি পূরণ না হলে ইরানের ওপর ‘নরকের আগুন’ বা চরম বিপর্যয় নেমে আসবে বলে তিনি সরাসরি হুমকি দেন।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথটি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের এমন পাল্টাপাল্টি অবস্থানে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক উত্তেজনার আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে দেওয়া এই কড়া জবাবের পর আন্তর্জাতিক মহলে উদ্বেগ আরও বেড়েছে। আগামী ৪৮ ঘণ্টা পর ট্রাম্প প্রশাসন ঠিক কী ধরনের পদক্ষেপ নেয় এবং ইরান তার বিপরীতে কী অবস্থান নেয়, সেদিকেই এখন তীক্ষ্ণ নজর রাখছে বিশ্ব সম্প্রদায়।