রবিবার, 25 অক্টোবর 2026
সকল বিভাগ

ট্রাম্পের দাবি উড়িয়ে দিলো ইরানের প্রতিরক্ষা বাহিনী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার যে দাবি করেছেন, তাকে সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনী।

ট্রাম্পের দাবি উড়িয়ে দিলো ইরানের প্রতিরক্ষা বাহিনী
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার যে দাবি করেছেন, তাকে সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনী।

বুধবার ইরানি সংবাদমাধ্যম ফার্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় সদরদপ্তর 'খাতাম আল আনবিয়া'-র মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফাঘারি এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। তিনি ট্রাম্পের মন্তব্যকে উপহাস করে বলেন, মার্কিন প্রশাসন সম্ভবত নিজেদের কর্মকর্তাদের সঙ্গেই নিজেরা আলোচনা করছে, ইরানের সঙ্গে নয়।

মুখপাত্র জোলফাঘারি মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশে বলেন, নিজেদের সামরিক ও রাজনৈতিক ব্যর্থতাকে সাফল্যের চুক্তি হিসেবে প্রচার করার চেষ্টা বন্ধ করা উচিত। তিনি স্পষ্ট করে জানান যে, মার্কিন নীতিনির্ধারকদের মন থেকে ইরানবিরোধী মনোভাব পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত সংঘাত থামার কোনো অবকাশ নেই। ওয়াশিংটনের সঙ্গে তেহরানের কোনো প্রকার সমঝোতা হওয়ার সম্ভাবনাকে তিনি নাকচ করে দিয়ে বলেন, শুরু থেকেই ইরানের অবস্থান অনড় এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বনিবনা হওয়ার প্রশ্নই ওঠে না।

উল্লেখ্য, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গত ফেব্রুয়ারি মাসে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে টানা ২১ দিন সংলাপ চললেও ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার চুক্তি ছাড়াই তা শেষ হয়। এর পরদিনই ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন সামরিক অভিযান 'অপারেশন এপিক ফিউরি' শুরু হয়, যার সঙ্গে একাত্মতা জানিয়ে ইসরায়েলও 'অপারেশন রোয়ারিং লায়ন' পরিচালনা করে। এই ভয়াবহ সংঘাতের ফলে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং আইআরজিসি-র শীর্ষ কমান্ডার মোহাম্মদ পাকপৌরসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। যুদ্ধে এ পর্যন্ত ২ হাজারের বেশি মানুষ নিহত হওয়ার পাশাপাশি দেশটির গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানও ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে খবর আসে যে, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ১৫ দফার একটি যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছে। মঙ্গলবার ওভাল অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন, ইরান বর্তমানে চরম বিপর্যয়ের মুখে থাকায় তারা একটি চুক্তিতে পৌঁছাতে উদগ্রীব। ট্রাম্পের মতে, দেশটির বিমান ও নৌবাহিনীসহ যোগাযোগ ব্যবস্থা প্রায় ধ্বংস হয়ে গেছে। তবে ইরানের পক্ষ থেকে বুধবার দেওয়া এই বিবৃতিতে ট্রাম্পের সেই দাবিকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করা হলো।