রবিবার, 25 অক্টোবর 2026
সকল বিভাগ

ট্রাম্পকে ব্যঙ্গ করে কার্টুন পোস্ট করলেন খামেনি

টানা ১৬ দিন ধরে ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতার মধ্যেই উত্তেজনার পারদ চড়িয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হস্তক্ষেপের হুমকির ‘প্রতীকী’ জবাব দিতে সোমবার (১২ জানুয়ারি) সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) ট্রাম্পকে ব্যঙ্গ করে একটি কার্টুন পোস্ট করেছেন তিনি।

ট্রাম্পকে ব্যঙ্গ করে কার্টুন পোস্ট করলেন খামেনি
ছবি: এক্স থেকে স্ক্রিণশট

টানা ১৬ দিন ধরে ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতার মধ্যেই উত্তেজনার পারদ চড়িয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হস্তক্ষেপের হুমকির ‘প্রতীকী’ জবাব দিতে সোমবার (১২ জানুয়ারি) সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) ট্রাম্পকে ব্যঙ্গ করে একটি কার্টুন পোস্ট করেছেন তিনি।

ইলন মাস্কের মালিকানাধীন এক্স-এ পোস্ট করা ওই কার্টুনে দেখা যায়, প্রাচীন মিশরের মমি সংরক্ষণের বিশেষ কফিন বা সারকোফ্যাগাসে ডোনাল্ড ট্রাম্পের একটি ভঙ্গুর মূর্তি রাখা হয়েছে। একটি পিরামিডের ভেতরে ট্রাম্পের মুখাবয়ব সম্বলিত ওই কফিনের গায়ে এবং দেওয়ালে প্রাচীন মিশরীয় লিপি হায়রোগ্লিফিক্স ফুটিয়ে তোলা হয়েছে।

ছবির সাথে দেওয়া বার্তায় খামেনি ট্রাম্পকে ইতিহাসের কুখ্যাত অত্যাচারী শাসক ফেরাউন, নমরুদ এবং ইরানের ক্ষমতাচ্যুত পাহলভি রাজবংশের রেজা খান ও মোহাম্মদ রেজা শাহর সঙ্গে তুলনা করেছেন। বার্তায় বলা হয়, “যে ব্যক্তি গর্ব ও অহমিকার সঙ্গে গোটা বিশ্বের বিচার করছেন, তাঁর জানা উচিত—ফেরাউন, নমরুদ ও শাহদের মতো সকল স্বৈরাচারীকে তাদের গৌরবের সর্বোচ্চ অবস্থান থেকে উৎখাত করা হয়েছে। একেও (ট্রাম্প) একদিন উৎখাত করা হবে।”

ইরানে বিক্ষোভ দমনে বলপ্রয়োগের ঘটনায় ক্ষুব্ধ ট্রাম্প সম্প্রতি প্রয়োজনে সেনা পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন। রোববার তিনি বলেন, “ইরানের নেতারা আমাকে ফোন করেছেন এবং তাঁরা আলোচনা করতে চান। তবে বৈঠক হওয়ার আগেই যুক্তরাষ্ট্রকে হয়তো কঠোর কোনো পদক্ষেপ নিতে হতে পারে।”

সিবিএস নিউজ ও ওয়াল স্ট্রিট জার্নালের তথ্যমতে, যুক্তরাষ্ট্র সামরিক হামলার পাশাপাশি ইরানের সরকারি ওয়েবসাইটে সাইবার হামলা, সরকারবিরোধী উৎসগুলোকে অনলাইন সহায়তা এবং আরও কঠোর নিষেধাজ্ঞার মতো ‘কঠোর বিকল্প’ নিয়ে ভাবছে।

মার্কিন অধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (HRANA) দাবি করেছে, ইরানে চলমান বিক্ষোভে নিহতের সংখ্যা ইতিমধ্যে ৫০০ ছাড়িয়েছে। পশ্চিমা বিশ্ব এই সহিংসতা বন্ধের দাবি জানালেও তেহরান একে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে নাকচ করে দিয়েছে।

বিশ্লেষকদের মতে, খামেনির এই সর্বশেষ কার্টুন পোস্ট ট্রাম্পকে ব্যক্তিগতভাবে প্ররোচিত করার একটি বড় প্রয়াস। এখন ওয়াশিংটন এর জবাবে কোনো সামরিক পদক্ষেপ নাকি কেবল মৌখিক পাল্টাপাল্টিতেই সীমাবদ্ধ থাকে, তা-ই এখন দেখার বিষয়।