বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তৈরি হয়েছে ভিন্ন এক প্রেক্ষাপট। আওয়ামী লীগের দীর্ঘ সময়ের শাসনের অবসান এবং পরবর্তী সময়ে রাজনীতিতে নতুন মেরুকরণ—এই দুই বাস্তবতা এবারের ভোটকে দিয়েছে আলাদা মাত্রা। সংশ্লিষ্ট মহলের মতে, এই নির্বাচনের ফলাফলই নির্ধারণ করতে পারে দেশের আগামীর রাজনৈতিক রূপরেখা।
বিশ্লেষকদের পর্যবেক্ষণ, দেড় দশক ধরে টানা তিনটি বিতর্কিত নির্বাচনের পর এবার ভোটারদের সামনে তুলনামূলকভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ তৈরি হয়েছে। এই প্রেক্ষাপট নির্বাচনটিকে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
এছাড়া কার্যক্রম নিষিদ্ধ থাকায় দেশের প্রায় সব নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দল আওয়ামী লীগ এবার প্রতিদ্বন্দ্বিতায় নেই—যা সাম্প্রতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন।
আরও একটি দিক থেকে এবারের নির্বাচন ব্যতিক্রম। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে গণভোট অনুষ্ঠিত হচ্ছে। গণভোটে ‘হ্যাঁ’ ভোট সংখ্যাগরিষ্ঠ হলে সংবিধান সংশোধন, উচ্চকক্ষ প্রতিষ্ঠাসহ একাধিক কাঠামোগত পরিবর্তনের পথ উন্মুক্ত হবে।