বুধবার, 21 অক্টোবর 2026
সকল বিভাগ

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন কাল, স্পিকার-ডেপুটি স্পিকার পদে আলোচনায় যারা

গণ-অভ্যুত্থানের পর বহু প্রতীক্ষিত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিএনপির নেতৃত্বাধীন জোট নিরঙ্কুশ সংখাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠন করেছে। আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসছে। এখনো স্পিকার-ডেপুটি স্পিকার পদের জন্য কারও নাম ঘোষণা না করায়, পদ দুটি নিয়ে চলছে বিভিন্ন আলোচনা।

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন কাল, স্পিকার-ডেপুটি স্পিকার পদে আলোচনায় যারা

গণ-অভ্যুত্থানের পর বহু প্রতীক্ষিত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিএনপির নেতৃত্বাধীন জোট নিরঙ্কুশ সংখাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠন করেছে। আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসছে। এখনো স্পিকার-ডেপুটি স্পিকার পদের জন্য কারও নাম ঘোষণা না করায়, পদ দুটি নিয়ে চলছে বিভিন্ন আলোচনা।

বুধবার (১১ মার্চ) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদ কক্ষে অধিবেশন আহ্বান করেছেন। বেলা ১১টায় অধিবেশন শুরু হবে।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর গত ১৭ ফেব্রুয়ারি বিএনপি নতুন সরকার গঠন করেছে, যার নেতৃত্বে রয়েছেন দলীয় চেয়ারম্যান তারেক রহমান। সংবিধান অনুযায়ী গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সংসদের প্রথম অধিবেশন বসানোর বাধ্যবাধকতা রয়েছে। প্রথা অনুযায়ী প্রথম অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন এবং রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

বিগত সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন কিভাবে শুরু হবে, তা নিয়েও আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। সংসদ বিষয়ক গবেষক অধ্যাপক নিজাম উদ্দিন আহমেদ বলেন, "বর্তমানে স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তিকে দিয়ে অধিবেশন শুরু করাতে হবে।"

সংখ্যাগরিষ্ঠতার কারণে সাধারণত ক্ষমতাসীন দলের প্রার্থীই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। তবে এবার ডেপুটি স্পিকারের পদ বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেওয়া হতে পারে, যা এখনও চূড়ান্ত হয়নি। সরকারি দলীয় হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, জামায়াত এখনও ডেপুটি স্পিকার পদে কোনো প্রার্থী প্রস্তাব দেয়নি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় রয়েছে ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী। এছাড়া উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে ১০ জনকে। বিএনপির কয়েকজন সিনিয়র নেতা মন্ত্রিসভায় না থাকায় তারা রাষ্ট্রপতি, স্পিকার বা ডেপুটি স্পিকারের পদে মনোনীত হতে পারেন।

স্পিকার পদ নিয়ে বিএনপিতে আলোচনায় সবচেয়ে বেশি নাম ড. আবদুল মঈন খান। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, পাঁচবার সংসদ-সদস্য নির্বাচিত হয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক। ক্লিন ইমেজের নেতা হিসেবে তিনি জনগণের কাছে গ্রহণযোগ্য।

দলটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুকও স্পিকার পদে আলোচনায় রয়েছেন। জয়নুল আবেদীনের আইনজ্ঞ ও সাংবিধানিক দক্ষতা এবং রাজনৈতিক সক্রিয়তা তাকে এই পদে এগিয়ে রাখছে। ড. এম ওসমান ফারুকের আন্তর্জাতিক আর্থিক সংস্থায় অভিজ্ঞতা ও অর্থনীতির জ্ঞান তাকে বৈশ্বিক পর্যায়ের দক্ষ প্রার্থী হিসেবে বিবেচিত করছে।

ডেপুটি স্পিকার পদে আলোচনায় রয়েছেন ভোলা-১ আসনের সংসদ-সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং নোয়াখালী-১ আসনের সংসদ-সদস্য ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। তবে শেষ পর্যন্ত তারেক রহমান কারা মনোনয়ন দেবেন, তা এখনও নিশ্চিত নয়।

সংবিধান অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। শোক প্রস্তাবের পর রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করা হবে এবং সংসদ সদস্যরা এ বিষয়ে আলোচনা করবেন। এছাড়া অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলোও প্রথম বৈঠকে উত্থাপন করা হবে।