শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

তুষারঝড়ে যুক্তরাষ্ট্রের ১৪ অঙ্গরাজ্যে অন্তত ৩৮ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের মধ্য ও পূর্বাঞ্চলে তীব্র তুষারঝড়ে অন্তত ১৪টি অঙ্গরাজ্যে ৩৮ জনের মৃত্যু হয়েছে। তুষারপাত, বরফে ঢেকে যাওয়া সড়ক ও শূন্যের নিচে নামা তাপমাত্রার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা।

তুষারঝড়ে যুক্তরাষ্ট্রের ১৪ অঙ্গরাজ্যে অন্তত ৩৮ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্য ও পূর্বাঞ্চলে তীব্র তুষারঝড়ে অন্তত ১৪টি অঙ্গরাজ্যে ৩৮ জনের মৃত্যু হয়েছে। তুষারপাত, বরফে ঢেকে যাওয়া সড়ক ও শূন্যের নিচে নামা তাপমাত্রার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা।

নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি মঙ্গলবার (২৭ জানুয়ারি) সংবাদ সম্মেলনে জানান, আট বছরের মধ্যে শহরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা ৮ ডিগ্রি ফারেনহাইটে নেমেছে। তিনি আরও বলেন, “নিহতরা সবাই বাইরে পাওয়া গেছে, তবে তারা গৃহহীন ছিলেন কি না তা নিশ্চিত নয়।” নিউইয়র্ক সিটিতে সবচেয়ে বেশি ১০ জন মারা গেছেন।

শুক্রবার শুরু হওয়া এই ঝড় সপ্তাহান্তে বড় তুষারপাতের রূপ নিয়েছে। এর ফলে সড়ক ও বিমান চলাচল ব্যাহত হয়েছে এবং অনেক এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। সোমবার ঝড়ের তীব্রতা কমলেও হাড়কাঁপানো ঠান্ডা এখনও বিদ্যমান, যা কয়েকদিন স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার পর্যন্ত দেশজুড়ে পাঁচ লাখ ৫০ হাজারের বেশি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন ছিল। শহরগুলোতে জরুরি সেবা কর্মী গৃহহীনদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করছেন।

নিউইয়র্ক সিটির আবাসন ও নগর উন্নয়ন দপ্তরের বাধ্যতামূলক গৃহহীন গণনা ফেব্রুয়ারির শুরুতে অনুষ্ঠিত হবে। মামদানি বলেন, “আউটরিচ কর্মীদের তথ্য সংগ্রহ নয়, বরং আমাদের মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়াতেই মনোযোগ দেওয়া উচিত।”

নিউইয়র্কে তিনটি স্থায়ী আশ্রয়কেন্দ্র ও দুটি অতিরিক্ত কেন্দ্র মিলিয়ে প্রায় ১,৪০০ গৃহহীন মানুষ আশ্রয় নিয়েছেন। পুলিশ, দমকল ও জরুরি সেবা কর্মীরা তাদের জন্য অতিরিক্ত সময় কাজ করছেন। ন্যাশভিল রেসকিউ মিশনে সাধারণত রাতে ৪০০ জন মানুষ থাকলেও, এই শৈত্যপ্রবাহে সংখ্যা বেড়ে প্রায় ৭ হাজারে পৌঁছেছে।

দেশজুড়ে তুষারঝড়ে মৃত্যুর মূল কারণ হিসেবে হাইপোথার্মিয়া, অতিরিক্ত ঠান্ডায় হৃদরোগজনিত জটিলতা এবং বরফ পরিষ্কার করতে গিয়ে দুর্ঘটনার কথা জানানো হয়েছে। সপ্তাহান্তে টেক্সাসের বোনহ্যামে বরফে জমা একটি পুকুরে পড়ে তিন কিশোরের মৃত্যু ঘটে। কানসাস, কেনটাকি, লুইজিয়ানা, মিসিসিপি, সাউথ ক্যারোলাইনা, টেনেসি ও মিশিগানেও এ ধরনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে আরও একটি তুষারঝড় আঘাত হানতে পারে। এখনও অন্তত ২০ কোটি আমেরিকান শীত সতর্কতার আওতায় আছেন, যা ১ ফেব্রুয়ারি পর্যন্ত বজায় থাকতে পারে।