বুধবার, 21 অক্টোবর 2026
সকল বিভাগ

উজবেকিস্তানের সঙ্গে গভীর সম্পর্ক চায় বাংলাদেশ

উজবেকিস্তানের সঙ্গে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চতর ও গভীর পর্যায়ে নিয়ে যেতে আগ্রহী বাংলাদেশ। উজবেকিস্তানের সমরখন্দে দেশটির উপ-প্রধানমন্ত্রী জামশিদ খোদজায়েভের সঙ্গে এক উচ্চপর্যায়ে বৈঠকে বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই আগ্রহের কথা ব্যক্ত করেন।

উজবেকিস্তানের সঙ্গে গভীর সম্পর্ক চায় বাংলাদেশ
ছবি : সংগৃহীত

উজবেকিস্তানের সঙ্গে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চতর ও গভীর পর্যায়ে নিয়ে যেতে আগ্রহী বাংলাদেশ। উজবেকিস্তানের সমরখন্দে দেশটির উপ-প্রধানমন্ত্রী জামশিদ খোদজায়েভের সঙ্গে এক উচ্চপর্যায়ে বৈঠকে বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই আগ্রহের কথা ব্যক্ত করেন। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বোর্ড অব গভর্নরসের বার্ষিক সম্মেলনে অংশ নিতে বর্তমানে সমরখন্দ অবস্থান করছেন অর্থমন্ত্রী। ৩ মে থেকে শুরু হওয়া এই সম্মেলনের সমাপনী দিনে অনুষ্ঠিত বৈঠকে সমরখন্দে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মনিরুল ইসলামও উপস্থিত ছিলেন। বৈঠকে নতুন সরকার গঠনের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দায়িত্ব গ্রহণ করায় উজবেকিস্তানের প্রেসিডেন্ট শভকত মির্জিইয়োয়েভ ও সে দেশের সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানানোয় আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন অর্থমন্ত্রী।

দুই দেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় মিলের কথা স্মরণ করিয়ে দিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বাণিজ্যিক ও কৌশলগত খাতগুলোতে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে বাণিজ্য সম্প্রসারণ, সরাসরি যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান সৃষ্টি, সংস্কৃতি বিনিময় এবং পর্যটন খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি।

বৈঠকে ঢাকা ও তাসখন্দের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ পুনরায় স্থাপনের জন্য উজবেক এয়ারওয়েজের ফ্লাইট চালুর বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নিতে উপ-প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন অর্থমন্ত্রী। পাশাপাশি দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে বাংলাদেশে উজবেকিস্তানের স্থায়ী মিশন বা দূতাবাস খোলার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।

বাণিজ্যিক প্রসারের অংশ হিসেবে বাংলাদেশের বিশ্বমানের তৈরি পোশাক, ঔষধ ও পাটজাত পণ্যের জন্য উজবেকিস্তানের বাজারে সহজ প্রবেশের সুযোগ চেয়েছেন অর্থমন্ত্রী। একই সঙ্গে তিনি বাংলাদেশি পর্যটক ও ব্যবসায়ীদের যাতায়াত সহজ করতে ভিসা প্রক্রিয়া দ্রুততর ও সহজীকরণে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন। রাজনৈতিক সম্পর্ক জোরদারে উচ্চপর্যায়ের সফরের গুরুত্ব উল্লেখ করে তিনি উজবেকিস্তানের প্রেসিডেন্টকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

বাংলাদেশের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে উজবেকিস্তানের উপ-প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও গতিশীল করতে কাজ করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি কৃষি, বাণিজ্য ও পর্যটন খাতে অপেক্ষমাণ দ্বিপাক্ষিক চুক্তিগুলো দ্রুত চূড়ান্ত করার ওপর গুরুত্ব দেন। বাংলাদেশের বস্ত্র ও ঔষধ শিল্পের প্রভূত উন্নয়নের প্রশংসা করে তিনি জানান, বাণিজ্য ও বিনিয়োগের নতুন নতুন ক্ষেত্র যাচাই করতে দ্রুতই একটি উজবেক ব্যবসায়ী প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে।