শনিবার, 21 নভেম্বর 2026
সকল বিভাগ

'বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মতো চিন্তা-চেতনা, গবেষণা নেই বিসিএস শিক্ষা ক্যাডারদের'

বাংলাদেশে শিক্ষার্থীসংখ্যার দিক থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ) তৃতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম। প্রায় দেড় লাখ শিক্ষার্থীর এই বিশ্ববিদ্যালয়ে কারা শিক্ষকতা করবেন এবং কীভাবে তাদের শিক্ষক হিসেবে যুক্ত করা হবে—এ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

'বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মতো চিন্তা-চেতনা, গবেষণা নেই বিসিএস শিক্ষা ক্যাডারদের'

বাংলাদেশে শিক্ষার্থীসংখ্যার দিক থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ) তৃতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম। প্রায় দেড় লাখ শিক্ষার্থীর এই বিশ্ববিদ্যালয়ে কারা শিক্ষকতা করবেন এবং কীভাবে তাদের শিক্ষক হিসেবে যুক্ত করা হবে—এ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

শুক্রবার (২১ আগস্ট) সাভারের ব্র্যাক সিডিএমে শুরু হওয়া দুই দিনব্যাপী ‘ভাইস চ্যান্সেলরস ডায়ালগ: শেপিং দ্য ফিউচার অফ হায়ার এডুকেশন’-এর প্রথম দিনের মতবিনিময় পর্বে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় এ সংলাপের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে বিসিএস শিক্ষা ক্যাডারের শিক্ষকরা ইন্টারমিডিয়েট থেকে শুরু করে ডিগ্রি, অনার্স ও মাস্টার্স পর্যায়ে পাঠদান করছেন। সাত কলেজেও একই ধরনের শিক্ষক কাঠামো রয়েছে। তার মতে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে পাঠদানের জন্য যে ধরনের একাডেমিক চিন্তা, গবেষণার পরিবেশ ও দক্ষতা প্রয়োজন, তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, সাত কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের শিক্ষকদের কী কাঠামোর মধ্যে আনা হবে, সে বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা প্রয়োজন।

উপাচার্যের ভাষ্য অনুযায়ী, সাত কলেজ একসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। পরে সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত হয়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা হয়ে বর্তমানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে এসেছে। তার মতে, এভাবে একটি সমস্যা সমাধানের পরিবর্তে নতুন আরেকটি সমস্যা তৈরি হয়েছে।

‘‘কোন আঙ্গিকে? জাতীয় বিশ্ববিদ্যালয় যেভাবে আছে ঠিক ওই কাঠামোর মধ্যে কিছু নাম চেঞ্জ করে বলল এই সাতটা কলেজ এটাচ কলেজ থাকবে। তার মানে একটা সমস্যা থেকে পরিত্রাণের জন্য আরেকটা বড় সমস্যা তৈরি হয়েছে। কেন বলছি? যেহেতু আমি বাংলাদেশে অনেকগুলো বিশ্ববিদ্যালয় কাজ করার সৌভাগ্য হয়েছে ও দেশের বাইরে পড়ার সুযোগ হয়েছে।’’

তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাতারাতি সব সমস্যার সমাধান সম্ভব নয়। শিক্ষার মান উন্নত করা গেলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।

দুই দিনের এই সংলাপে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬০ জন উপাচার্য অংশ নিচ্ছেন। পাশাপাশি নীতিনির্ধারক, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, দেশি-বিদেশি শিক্ষাবিদ, বিশেষজ্ঞ এবং ইউজিসি ও হিট প্রকল্পের প্রতিনিধিরাও এতে অংশ নিয়েছেন।