মঙ্গলবার, 27 অক্টোবর 2026
সকল বিভাগ

ভালুকায় বিএনপি প্রার্থীর পক্ষে নগদ অর্থ বিতরণ করায় ছয়জনের জেল

নির্বাচনী প্রচারণার উত্তাপে ময়মনসিংহের ভালুকায় মধ্যরাতে আলোচিত এক অভিযান চালিয়েছে প্রশাসন। ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপির প্রার্থীর পক্ষে ভোটারদের মধ্যে অর্থ বিতরণের অভিযোগে ছয়জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ভালুকায় বিএনপি প্রার্থীর পক্ষে নগদ অর্থ বিতরণ করায় ছয়জনের জেল
ময়মনসিংহের ভালুকায় ধানের শীষের প্রার্থীর পক্ষে টাকা বিতরণের অভিযোগে ছয়জনকে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার রাতে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বগাজান এলাকায়

নির্বাচনী প্রচারণার উত্তাপে ময়মনসিংহের ভালুকায় মধ্যরাতে আলোচিত এক অভিযান চালিয়েছে প্রশাসন। ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপির প্রার্থীর পক্ষে ভোটারদের মধ্যে অর্থ বিতরণের অভিযোগে ছয়জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল সোমবার রাত সাড়ে ১২টার দিকে ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বগাজান এলাকায় অভিযানের সময় তাঁদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা কার্যকর করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন আবদুল হামিদ (৭৫), মো. তানভীর (৪২), গোলাম রাব্বী (২৩), মেহেদী হাসান (৪০), মো. শামসুদ্দিন (৭৪) এবং গোলাম শহীদ (৫০)। অভিযানের সময় তাঁদের কাছ থেকে ৬টি মুঠোফোন, ২৫ হাজার টাকা, একটি হিসাবের খাতা এবং একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সোমবার রাত সাড়ে ১২টার দিকে বগাজান এলাকায় ভোটারদের মধ্যে টাকা বিতরণের খবর পাওয়া যায়। অভিযোগ ছিল, ধানের শীষের প্রার্থী ফখর উদ্দিন আহমেদের পক্ষে এসব অর্থ বিতরণ করা হচ্ছিল। খবর পেয়ে সেখানে সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালায় এবং ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করে। তবে ওই স্থানে প্রায় ৩০ জনের একটি দল থাকলেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম কাউসার জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা পান। আটক ব্যক্তিরা ধানের শীষের প্রার্থীর পক্ষে টাকা বিতরণের বিষয়টি স্বীকার করেন। আটক সাতজনের মধ্যে ছয়জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। অপর একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায়, তাঁর মায়ের উপস্থিতিতে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জব্দ করা হিসাবের খাতায় কোন মহল্লায় কোন তারিখে কত টাকা বিতরণ করা হয়েছে বা করার পরিকল্পনা ছিল—সে সংক্রান্ত বিস্তারিত তথ্য রয়েছে।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ হোসেন বলেন, “ধানের শীষের প্রার্থীর পক্ষে টাকা বিতরণের সময় আটক করা ছয়জনকে সাজা দেওয়া হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে একটি হিসাবের খাতাও জব্দ করা হয়েছে। এতে কোন মহল্লায় কবে, কত টাকা বিতরণ করা হয়েছে বা করা হবে, তার হিসাবের তথ্য আছে।”