জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের দ্বিতীয় সংসারও ভাঙনের মুখে। ২০২৫ সালের শুরুতে পেশাদার মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করে ভক্তদের চমকে দিয়েছিলেন তিনি। তবে সেই বিয়ের রেশ বছর না ঘুরতেই বিচ্ছেদের সুর বেজে উঠেছে। গুঞ্জন সত্যি করে তাহসান নিজেই নিশ্চিত করেছেন যে, তাঁরা এখন আর একসঙ্গে থাকছেন না।
এক ক্ষুদে বার্তায় তাহসান খান জানান, “দীর্ঘদিন ধরেই আমরা আলাদা থাকছি।” ব্যক্তিগত জীবন নিয়ে জনসমক্ষে কথা বলতে চাননি উল্লেখ করে এই তারকা আরও বলেন, “অ্যানিভার্সারি নিয়ে অনেক ভুয়া খবর দেখলাম। এ কারণেই বলতে হচ্ছে যে, আমরা অনেক দিন থেকেই একসঙ্গে থাকছি না।”
গত বছরের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজাকে বিয়ে করেছিলেন তাহসান। রোজা আহমেদ পেশায় একজন অভিজ্ঞ মেকআপ আর্টিস্ট, যিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে এক দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন। নিউইয়র্কে তাঁর নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠানও রয়েছে। বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের বেশ আনন্দঘন অবস্থায় দেখা গেলেও গত কয়েক মাস ধরে দুজনের সম্পর্কের টানাপোড়েন নিয়ে গুঞ্জন চলছিল।
এটি ছিল তাহসান খানের দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে বিয়ে করেছিলেন তিনি। দীর্ঘ ১১ বছর সংসার করার পর ২০১৭ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে। ভক্তদের ধারণা ছিল রোজার সঙ্গে থিতু হবেন এই তারকা, তবে তাহসানের সাম্প্রতিক স্বীকারোক্তিতে সেই আশায় জল ঢেলে দিল।