বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

ভারতে বিদ্যুৎকেন্দ্রের বয়লারে বিস্ফোরণ, ১১ জন নিহত

ভারতের ছত্তিশগড় রাজ্যের সাক্তি জেলায় একটি তাপ বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ভারতে বিদ্যুৎকেন্দ্রের বয়লারে বিস্ফোরণ, ১১ জন নিহত
ছবি : সংগৃহীত

ভারতের ছত্তিশগড় রাজ্যের সাক্তি জেলায় একটি তাপ বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ১১ জন শ্রমিকের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং অন্তত ২২ জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার দুপুরের দিকে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণটি সংঘটিত হয়। ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সিংঘিতারাই এলাকায় অবস্থিত ১ হাজার ২০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎকেন্দ্রটির মালিকানা বেদান্ত শিল্পগোষ্ঠীর। উল্লেখ্য, ২০২৫ সাল থেকে এই কেন্দ্রে বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছিল।

সাক্তি জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ থেকে জানা গেছে, দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল এবং পুলিশের বিশেষ ইউনিট দ্রুত সেখানে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। জেলার পুলিশ সুপার প্রফুল্ল ঠাকুর ঘটনার ভয়াবহতা তুলে ধরে মঙ্গলবার রাতে জানান, বিস্ফোরণের সময় চারজন শ্রমিক ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও সাতজনের মৃত্যু হয়। বর্তমানে আহত আরও ২২ জন বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

দুর্ঘটনার দায়ভার নিয়ে বেদান্ত শিল্পগোষ্ঠীর পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রদান করা হয়েছে। সেখানে তারা দাবি করেছে যে, সংশ্লিষ্ট বয়লার ইউনিটটি তারা সরাসরি পরিচালনা করে না। বিদ্যুৎকেন্দ্রের ওই অংশের রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্ব ছিল এনটিপিসি জিই পাওয়ার সার্ভিসেস লিমিটেড বা এনজিএসএল নামক একটি সহযোগী প্রতিষ্ঠানের ওপর। তবে বিদ্যুৎকেন্দ্রের মূল কর্তৃপক্ষ হিসেবে বেদান্ত গ্রুপ নিহতদের স্বজনদের পাশে দাঁড়ানো এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সংকটের মুহূর্তে হতাহতদের পরিবারকে সব ধরনের সহায়তা প্রদানই তাদের প্রথম লক্ষ্য।


এদিকে এই প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই। এক শোকবার্তায় তিনি এই ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক বলে অভিহিত করেন। মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন যে, তার সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে। একইসাথে বিস্ফোরণের প্রকৃত কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন তিনি। দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থাও করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।