ওসমান হাদি হত্যা মামলায় অভিযুক্ত ও প্রতিবেশী দেশ ভারতে গ্রেপ্তার হওয়া আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারকে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হাদি হত্যার ঘটনাটি বর্তমানে গভীর তদন্তাধীন রয়েছে। পূর্বে এই মামলায় একবার অভিযোগপত্র জমা দেওয়া হলেও পরবর্তীতে নারাজির প্রেক্ষিতে পুনরায় তদন্ত কার্যক্রম শুরু হয়। এরই মধ্যে এই ঘটনার সাথে জড়িত সন্দেহে ভারতে প্রথমে দুইজন এবং পরবর্তীতে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বাংলাদেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় গ্রেপ্তারি পরোয়ানাসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অনুরোধপত্র পাঠানো হয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আলোকে আইনি প্রক্রিয়ায় তাদের হস্তান্তরের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
পুলিশ বাহিনীর আধুনিকায়ন ও সংস্কার সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, বাংলাদেশ পুলিশের মানোন্নয়ন এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বের বেশ কিছু উন্নত দেশের সাথে আলোচনা চলছে। বিশেষ করে কারিগরি সহায়তা, প্রশিক্ষণ এবং কাঠামোগত সংস্কারের ক্ষেত্রে উন্নত রাষ্ট্রগুলোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে পুলিশ বাহিনীকে আরও সমৃদ্ধ ও দক্ষ করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। এই লক্ষ্যে আন্তর্জাতিক পর্যায়ে প্রয়োজনীয় অ্যাডভাইজার ও টেকনিক্যাল সাপোর্ট চেয়ে যোগাযোগ করা হচ্ছে বলেও তিনি জানান।