ভারতের কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনগুলো ভারতীয় নাগরিকদের জন্য পর্যটন (টুরিস্ট) ভিসা প্রদান সীমিত করেছে। এর আগেই দিল্লির বাংলাদেশ হাইকমিশন এবং আগরতলার অ্যাসিস্ট্যান্ট হাইকমিশন থেকে ভিসা ইস্যু বন্ধ হয়ে গিয়েছিল।
বুধবার (৭ জানুয়ারি) থেকেই এসব মিশনে পর্যটন ভিসা দেওয়ার প্রক্রিয়া ‘সীমিত’ করা হয়েছে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়নি, তবে কলকাতা ডেপুটি হাইকমিশনের নির্ভরযোগ্য সূত্রগুলো বিষয়টি নিশ্চিত করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে শুধুমাত্র পর্যটন ভিসার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হলেও বাণিজ্যিক ভিসাসহ অন্যান্য ক্যাটাগরির ভিসা কার্যক্রম চালু রয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে অবস্থিত ভারতের চারটি ভিসা সেন্টারে ভাঙচুরের ঘটনা ঘটে। ওই সময় ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারের সামনে বিক্ষোভ প্রদর্শিত হলে নিরাপত্তার খাতিরে কয়েক দিন কার্যক্রম স্থগিত রাখে ভারত।
পরবর্তীতে ভারত তাদের ভিসা সেন্টারগুলো পুনরায় চালু করলেও শুধুমাত্র মেডিকেল ভিসা এবং বিশেষ জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ পর্যটন ভিসা ইস্যু করা বন্ধ করে দেয়। বর্তমানে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় পর্যটন ভিসা পুরোপুরি বন্ধ রয়েছে। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশও ভারতীয় নাগরিকদের জন্য পর্যটন ভিসা সীমিত করার পদক্ষেপ নিল বলে ধারণা করা হচ্ছে।