সোমবার, 19 অক্টোবর 2026
সকল বিভাগ

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে থাকা কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত ভারতের ত্রিপুরার একটি মেডিকেল কলেজে শিক্ষার্থীদের পাঠদান করছেন বলে জানা গেছে। ওই মেডিকেল কলেজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে।

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি
ত্রিপুরা মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন পলাতক সাবেক এমপি ডা. প্রাণ গোপাল দত্ত

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে থাকা কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত ভারতের ত্রিপুরার একটি মেডিকেল কলেজে শিক্ষার্থীদের পাঠদান করছেন বলে জানা গেছে। ওই মেডিকেল কলেজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে।

শনিবার (২৭ জুন) সকালে ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজের এক স্টাফ নার্স ডা. প্রাণ গোপাল দত্তের সেখানে ক্লাস নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ডা. প্রাণ গোপাল দত্ত ওই প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পড়াচ্ছেন। তবে তিনি কবে থেকে সেখানে পাঠদান করছেন, সে বিষয়ে নির্দিষ্ট তথ্য তার জানা নেই। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিস্তারিত জানানো যাবে বলেও উল্লেখ করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি আধুনিক শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সামনে বক্তব্য দিচ্ছেন ডা. প্রাণ গোপাল দত্ত। এ সময় তার পেছনের ডিজিটাল বোর্ডে চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন বিষয় প্রদর্শিত হচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি নাক-কান-গলা (ইএনটি) বিভাগের একটি বিষয়ে পাঠ দিচ্ছিলেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্যের মতো ডা. প্রাণ গোপাল দত্তও আত্মগোপনে চলে যান। দেশে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। দীর্ঘদিন তার অবস্থান নিয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া না গেলেও, সাম্প্রতিক ভিডিও প্রকাশের পর তিনি ভারতে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে।

অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত নাক-কান-গলা রোগের একজন বিশেষজ্ঞ চিকিৎসক। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বর্তমান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়)-এর সাবেক উপাচার্য। চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০১২ সালে তিনি স্বাধীনতা পদক লাভ করেন। পরবর্তীতে রাজনীতিতে যুক্ত হয়ে কুমিল্লা-৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।