শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

ফেনীতে স্বামীর বারণ উপেক্ষা করে ভোটাধিকার প্রয়োগ করায় বিবি জহুরা নামের এক গৃহবধূকে মৌখিকভাবে তালাক দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক রাজনৈতিক নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাঁশতলা এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত ইসমাইল হোসেন কাওসার ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।

ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা
ছবিঃ সংগৃহীত

ফেনীতে স্বামীর বারণ উপেক্ষা করে ভোটাধিকার প্রয়োগ করায় বিবি জহুরা নামের এক গৃহবধূকে মৌখিকভাবে তালাক দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক রাজনৈতিক নেতার বিরুদ্ধে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাঁশতলা এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত ইসমাইল হোসেন কাওসার ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৩ সালে ফেনী সদর উপজেলার মধুয়াই বাজার এলাকার নুর আহম্মদের মেয়ে বিবি জহুরার সাথে কাওসারের বিয়ে হয়। তাদের ১২, ৮ ও ৪ বছর বয়সী তিনটি সন্তান রয়েছে। বুধবার বিকেলে কাওসার তার স্ত্রীকে ভোটকেন্দ্রে যেতে নিষেধ করেন। তবে জীবনের প্রথমবার ভোটার হওয়ায় প্রবল উৎসাহ নিয়ে বৃহস্পতিবার সকালে স্বামী ঘুমিয়ে থাকা অবস্থায় জহুরা সন্তানদের নিয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আসেন। বাড়িতে ফিরে তিনি যথারীতি সবার জন্য সকালের নাস্তা ও দুপুরের খাবার তৈরি করেন।

বিকেলে জনৈক ব্যক্তির কাছ থেকে স্ত্রী ভোট দেওয়ার খবর জানতে পেরে ক্ষুব্ধ হয়ে ওঠেন কাওসার। মাগরিবের সময় জহুরা ভোট দেওয়ার কথা স্বীকার করলে কাওসার মেজাজ হারিয়ে বাড়ির পাশের রাস্তায় সবার সামনে তাকে মৌখিকভাবে তিন তালাক প্রদান করেন এবং ঘরে ঢুকতে বাধা দেন। এই ঘটনায় উপস্থিত এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা তাৎক্ষণিকভাবে কাওসারকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে আটকে রাখে। একপর্যায়ে পরিস্থিতি বেগতিক দেখে তালাক প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়ে কৌশলে এলাকা থেকে পালিয়ে যান এই স্বেচ্ছাসেবক লীগ নেতা।

ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী গৃহবধূ ও তার সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রতিবেশীরা। অভিযুক্ত কাওসার পলাতক থাকায় এ বিষয়ে তার কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।