শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

ভোট দিতে উত্তরাঞ্চলের মানুষের বাড়ি ফেরার শেষ ভরসা ট্রেনের ছাদ!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ বাড়ি ফিরছেন। টানা চারদিনের ছুটিতে দূরপাল্লার বাস স্ট্যান্ড ও রেলওয়ে স্টেশনে বিপুল ভিড় দেখা গেছে। বিশেষ করে উত্তরাঞ্চলের মানুষের মধ্যে ট্রেনের ওপর নির্ভরশীলতা স্পষ্ট, কেউ কেউ বাধ্য হয়ে ট্রেনের ছাদে চড়ে ভোট দেওয়ার উদ্দেশ্যে গ্রামে যাচ্ছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কমলাপুর রেলওয়ে স্টেশনে উত্তরাঞ্চলের বেশ কয়েকটি ট্রেন ছেড়ে গেছে। প্রত্যেকটিতে ভিড় এতটাই বেশি ছিল যে দাঁড়িয়ে থাকা যাত্রীরা দরজা পর্যন্ত ঠেকেছিলেন, অনেকেই টিকিট থাকা সত্ত্বেও সিট পর্যন্ত পৌঁছাতে পারেননি। কিছু যাত্রী নিরাপদ না হলেও ট্রেনের ছাদে উঠে গ্রামের উদ্দেশ্যে ছুটছেন।

যাত্রীরা জানিয়েছেন, দীর্ঘ দেড় দশক তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। এবার সুযোগ পেয়ে তারা যেকোনো কষ্ট সহ্য করেই ভোট দিতে বাড়ি যাচ্ছেন।

কিশোরগঞ্জগামী ট্রেনের যাত্রী রিপন মুন্সি বলেন, “আমরা দুই ছেলেকে নিয়ে ভোট দিতে বাড়ি যাচ্ছি। টিকিট পাইনি, তাই ট্রেনের ছাদেই যাত্রা করছি। ভেতরে দাঁড়ানোর জায়গাও নেই। নিজের জন্য ভাবছি না, ছেলে দুজন নিরাপদে পৌঁছালেই হলো।”

সন্ধ্যা ৭টার দিকে পোশাক শ্রমিক রোকসানা বলেন, “টিকিট থাকলেও সিটে জায়গা নেই। ট্রেন ছেড়ে যাবে আর ভিড় এত বেশি যে ঈদের সময়ও এর সঙ্গে তুলনা করা যায় না। তবে প্রথমবার ভোট দিতে যাচ্ছি, তাই আনন্দ অনুভব করছি। কষ্ট হলেও এই আনন্দ নিয়েই গ্রামে যাচ্ছি।”

কমলাপুর স্টেশন মাস্টার জানান, “অনেকে অতি উৎসাহে ভাড়া না দিয়ে ট্রেনের ছাদে উঠেছেন। কিছু যাত্রী বাধ্য হয়ে উঠেছেন। মাইকিং করে সতর্ক করা হলেও তারা উঠছেন। এত ভিড়ের কারণে ভেতরে থাকা যাত্রীদের টিকিটও সবসময় চেক করা যায় না।”

এদিকে, টিকিট কাউন্টারে মানুষ দীর্ঘ সারিতে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে দেখা গেছে। অনলাইন টিকিটধারীরাও কাউন্টারে গিয়ে তাদের টিকিট সংগ্রহ করছেন।