বুধবার, 21 অক্টোবর 2026
সকল বিভাগ

ভোটের আগে রাজধানীর কেন্দ্রগুলোতে শেষ মুহূর্তের প্রস্তুতি জোরদার

জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র দুদিন বাকি থাকলেও রাজধানীর ভোটকেন্দ্রগুলোতে এরই মধ্যে শুরু হয়ে গেছে ব্যাপক প্রস্তুতি। ভোটগ্রহণকে সামনে রেখে বিভিন্ন কেন্দ্রে চলছে সাজসজ্জা, নিরাপত্তা জোরদার এবং ভোটার সহায়তা ব্যবস্থার চূড়ান্ত কাজ। কোথাও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে, কোথাও হেল্প ডেস্ক গড়ে তোলা হচ্ছে, আবার কোথাও প্রার্থী ও সমর্থকদের কর্মতৎপরতাও চোখে পড়ছে।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ধাপে ধাপে কেন্দ্রভিত্তিক সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। ভোটগ্রহণের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে অনেক কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। নতুন ভোটার, নারী ও বয়স্ক ভোটারদের সহায়তায় প্রতিটি কেন্দ্রে হেল্প ডেস্ক স্থাপন করা হচ্ছে। এসব ডেস্ক থেকে ভোটাররা নিজ নিজ ভোটকক্ষ, সিরিয়াল নম্বরসহ প্রয়োজনীয় দিকনির্দেশনা জানতে পারবেন। ভোটারদের সহায়তার জন্য স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করবেন।

ঢাকা-৭, ঢাকা-৮ ও ঢাকা-১০ সংসদীয় আসনের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে এমন প্রস্তুতির চিত্র দেখা গেছে। ঢাকা কলেজ, টিটিসি কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ও মেহেরুন্নেসা গার্লস স্কুলসহ একাধিক কেন্দ্রে বুথ গোছানো, ভোটার তালিকা যাচাই এবং হেল্প ডেস্কের অবস্থান নির্ধারণের কাজ চলছে।

নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ও নিরাপত্তা বাহিনীও তৎপর। কেন্দ্রভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন সংস্থা মাঠে কাজ করছে। টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। প্রশাসনের ভাষ্য, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ভোটগ্রহণ নিশ্চিত করতেই আগাম এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রস্তুতির অংশ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়মিত কেন্দ্র পরিদর্শন করছেন। রাজধানীর নিউমার্কেট জোনের এডিসি শওকত টিবিএসকে বলেন, 'ভোটের দিন যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, সে জন্য আগেভাগেই কেন্দ্রভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণসহ সকল কেন্দ্র সরজমিনে গিয়ে পরিদর্শন করছি যাতে কোনো সমস্যা থাকলে ভোটের আগে সমাধান করতে পারি।'

এদিকে নির্বাচনি এলাকায় ভোট নিয়ে আলোচনা এখন সর্বত্র। চায়ের দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লার আড্ডায় নির্বাচনের আমেজ স্পষ্ট। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মীরাও বিরামহীনভাবে কাজ করে যাচ্ছেন। ঢাকা কলেজ ও টিটিসি কলেজ কেন্দ্রে দায়িত্বরত নিউমার্কেট যুবদলের সদস্য সোহাগ টিবিএসএকে বলেন, 'যদিও আমরা আগেই ভোটার স্লিপ বাড়িতে পৌঁছে দিয়েছি তবু যারা বাদ গেছেন বা বাসা পরিবর্তন করেছেন তাদের জন্য ডেস্ক বসবে। ভোটাররা যাতে সহজে কেন্দ্রে ঢুকে ভোট দিতে পারেন, সে জন্য বুথ, হেল্প ডেস্ক ও ভোটার তালিকা সবকিছু আগেভাগেই গুছিয়ে নেওয়া হচ্ছে।'