মঙ্গলবার, 10 নভেম্বর 2026
সকল বিভাগ

উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরির পেছনে দায়ী মানহীন বিশ্ববিদ্যালয়: রাষ্ট্রপতি

গত ১৭ বছরে যথাযথ যাচাই-বাছাই না করে দেশে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়ায় উচ্চ ডিগ্রিধারী বেকারের সংখ্যা বেড়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মানহীন এসব প্রতিষ্ঠান উচ্চ ডিগ্রির সনদ দিয়ে সম্ভাবনাময় তরুণদের হতাশার মধ্যে ঠেলে দিয়েছে। অনেক বিশ্ববিদ্যালয় শিক্ষাপ্রতিষ্ঠানের বদলে ব্যবসা ও অতিমুনাফার কেন্দ্রে পরিণত হয়েছে। উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরির পেছনে দায়ী মানহীন বিশ্ববিদ্যালয়গুলো।

উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরির পেছনে দায়ী মানহীন বিশ্ববিদ্যালয়: রাষ্ট্রপতি
ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সমাবর্তনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত ১৭ বছরে যথাযথ যাচাই-বাছাই না করে দেশে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়ায় উচ্চ ডিগ্রিধারী বেকারের সংখ্যা বেড়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মানহীন এসব প্রতিষ্ঠান উচ্চ ডিগ্রির সনদ দিয়ে সম্ভাবনাময় তরুণদের হতাশার মধ্যে ঠেলে দিয়েছে। অনেক বিশ্ববিদ্যালয় শিক্ষাপ্রতিষ্ঠানের বদলে ব্যবসা ও অতিমুনাফার কেন্দ্রে পরিণত হয়েছে। উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরির পেছনে দায়ী মানহীন বিশ্ববিদ্যালয়গুলো।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার পূর্বাচলে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের ২৭তম সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, শুধু বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দিয়ে উচ্চশিক্ষার সাফল্য বিচার করা যায় না। শিক্ষার মান, সময়োপযোগী পাঠ্যক্রম, যোগ্য শিক্ষক, শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান ও দক্ষতা অর্জন এবং শোভন কর্মসংস্থানের সুযোগ—এসবই একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সাফল্যের মাপকাঠি। দেশের শিক্ষাব্যবস্থাকে বর্তমান অবস্থা থেকে বের করে আনতে হবে।

তিনি বলেন, দেশের শিক্ষাব্যবস্থা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধারায় বিভক্ত এবং সেখানে বৈষম্যও রয়েছে। শিক্ষার সুযোগ, মান ও অর্জিত দক্ষতার ক্ষেত্রেও বড় ধরনের ব্যবধান দেখা যায়। এসব বৈষম্যের গ্রহণযোগ্য সমাধান জরুরি। বিভিন্ন শিক্ষাধারার মধ্যে সমন্বয় করে একটি সমন্বিত জাতীয় শিক্ষাব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি।

বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার ওপর জোর দেন রাষ্ট্রপতি। তবে এ অগ্রযাত্রায় নিজেদের ইতিহাস, ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য ভুলে গেলে চলবে না বলেও সতর্ক করেন তিনি।

উচ্চশিক্ষাকে কর্মবাজারের চাহিদার সঙ্গে আরও বেশি সামঞ্জস্যপূর্ণ করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে সময়োপযোগী, কর্মমুখী ও দক্ষতাভিত্তিক পাঠ্যক্রম তৈরি ও বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে ব্যবহারিক ও কারিগরি শিক্ষা, বাস্তব অভিজ্ঞতা এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সুযোগ বাড়ানো প্রয়োজন। তরুণদের কেবল চাকরিপ্রার্থী হিসেবে নয়, দক্ষ কর্মী, উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতে হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক ডিজিটাল প্রযুক্তি কর্মজগতের প্রচলিত ধারণা বদলে দিচ্ছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এখন যে জ্ঞান ও দক্ষতা নিয়ে কাজ করা হচ্ছে, কয়েক বছর পর একই কাজের জন্য সম্পূর্ণ নতুন দক্ষতার প্রয়োজন হতে পারে। এ পরিস্থিতিতে শুধু ডিগ্রি অর্জন যথেষ্ট নয়। প্রতিনিয়ত নতুন কিছু শেখার মানসিকতা, স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে।

প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা মানুষের নিজস্ব চিন্তাশক্তি, সৃজনশীলতা ও বিচারবোধকে দুর্বল করে দিতে পারে বলেও সতর্ক করেন তিনি। তাঁর ভাষ্য, প্রযুক্তি যত উন্নতই হোক, মানুষের বিবেক, সততা, সহমর্মিতা ও নৈতিকতার বিকল্প হতে পারে না।

সমাবর্তনে অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, সমাবর্তন কেবল সনদ পাওয়ার আনুষ্ঠানিকতা নয়; এটি দীর্ঘদিনের অধ্যবসায়, পরিশ্রম ও নিষ্ঠার স্বীকৃতি। একই সঙ্গে অর্জিত জ্ঞান ব্যক্তি, সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগানোর অঙ্গীকারও। ডিগ্রি অর্জনের মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ হতে পারে, কিন্তু প্রকৃত মানুষ হয়ে ওঠার শিক্ষা কখনো শেষ হয় না।

রাষ্ট্রপতি বলেন, উচ্চশিক্ষার সুযোগ পাওয়া শিক্ষার্থীরা সমাজের সুবিধাপ্রাপ্ত একটি অংশ। তাঁদের শিক্ষার পেছনে পরিবার ও রাষ্ট্রকে অনেক মূল্য দিতে হয়েছে। তাই দেশ ও পরিবার তাঁদের কাছে অনেক কিছু প্রত্যাশা করে। একজন স্নাতকের সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত অর্জনের মাধ্যমে বিচার করা যায় না; বরং অন্যের জীবনে তিনি কতটা ইতিবাচক পরিবর্তন আনতে পারছেন, সেটিই প্রকৃত মূল্যায়নের বিষয়। শিক্ষার্থীদের সব সময় সত্য ও ন্যায়ের পক্ষে থাকতে হবে এবং সততা ও নৈতিকতা বজায় রাখতে হবে।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত। এ সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, আইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সদস্য, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি, উপাচার্য, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

এবারের সমাবর্তনে মোট ২ হাজার ৬৭ জন শিক্ষার্থী ডিগ্রি গ্রহণ করছেন।