যশোর শহরের রেল স্টেশন এলাকার একটি পরিত্যক্ত কোয়ার্টার থেকে বিপজ্জনক ককটেল উদ্ধার করেছে র্যাব। গোপন তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে কসটেপে মোড়ানো অবস্থায় পরিত্যক্ত ১১টি ককটেল জব্দ করা হয়।
র্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল শহরের রেল স্টেশনের সামনে মোবাইল টাওয়ার সংলগ্ন বস্তির ভেতরে রেলওয়ের একটি পরিত্যক্ত কোয়ার্টারে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ওই কোয়ার্টারের বারান্দার মেঝে থেকে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১১টি ককটেল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার করা ককটেলগুলো উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং ককটেলগুলো পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার কার্যক্রমে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মেজর ফজলে রাব্বী।