সোমবার, 19 অক্টোবর 2026
সকল বিভাগ

যশোরে বিএনপির পাঁচ কমিটি বিলুপ্ত

দলীয় সিদ্ধান্ত অমান্যের অভিযোগে যশোরের মণিরামপুর উপজেলায় বিএনপির পাঁচটি ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা বিএনপি। বুধবার (৪ ফেব্রুয়ারি) যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

যশোরে বিএনপির পাঁচ কমিটি বিলুপ্ত
ছবিঃ সংগৃহীত

দলীয় সিদ্ধান্ত অমান্যের অভিযোগে যশোরের মণিরামপুর উপজেলায় বিএনপির পাঁচটি ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা বিএনপি। বুধবার (৪ ফেব্রুয়ারি) যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বিষয়টি নিশ্চিত করে জানান, সংশ্লিষ্ট কমিটিগুলোর কার্যক্রম দলীয় নীতিমালার পরিপন্থী হওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, এর আগে মণিরামপুর পৌর বিএনপিসহ একাধিক ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। পাশাপাশি কয়েকটি ইউনিয়নের নেতারা সরাসরি উপস্থিত হয়ে তাদের অবস্থান ব্যাখ্যা করেন। তবে প্রদত্ত ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় মণিরামপুর পৌর বিএনপি ছাড়াও ৩ নম্বর ভোজগাতী, ৫ নম্বর হরিদাসকাটি, ১২ নম্বর শ্যামকুড় এবং ১৭ নম্বর মনোহরপুর ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেয় জেলা বিএনপি।

দলীয় সূত্র আরও জানায়, যশোর-৫ (মনিরামপুর) আসনে প্রাথমিকভাবে বিএনপির মনোনয়ন পান উপজেলা বিএনপির সভাপতি শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন। পরবর্তীতে তাকে বাদ দিয়ে দলটির যুগপৎ আন্দোলনের শরিক জমিয়তে উলামায়ে ইসলামের (একাংশ) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মুফতি রশীদ বিন ওয়াক্কাসকে মনোনয়ন দেওয়া হয়। এ সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে শহীদ ইকবাল বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে মাঠে নামেন।

বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইতোমধ্যে দল থেকে বহিষ্কার করা হলেও তিনি একাংশ নেতাকর্মীকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। জেলা বিএনপির দাবি, তার পক্ষে কাজ করায় সংশ্লিষ্ট ইউনিয়ন ও পৌর কমিটিগুলো দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে, যার প্রেক্ষিতেই এসব কমিটি বিলুপ্ত করা হয়েছে।