যশোর-ঝিকরগাছা মহাসড়কের নতুনহাট বাজার এলাকা থেকে প্রায় ১৫৬ গ্রাম ওজনের ডায়মন্ড ও বিভিন্ন দেশের মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ৪৯ ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত ব্যক্তির নাম সুজাউদ্দিন (৫২), যিনি ভারতের তামিলনাড়ু রাজ্যের আবুবক্কারের ছেলে।
বিজিবি ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজাউদ্দিন স্বীকার করেছেন যে তিনি ঢাকা থেকে এই ডায়মন্ড সংগ্রহ করেছিলেন। এগুলো বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচার করে কলকাতায় এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল তার। আটকের পর ডায়মন্ড ওয়ার্ল্ডের প্রতিনিধির উপস্থিতিতে উদ্ধারকৃত পাথরগুলো পরীক্ষা করা হয় এবং প্রাথমিকভাবে সেগুলো আসল ডায়মন্ড হিসেবে শনাক্ত করা হয়েছে। জব্দকৃত এই ডায়মন্ডের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ কোটি ৬১ লাখ ৩৯ হাজার ৫৯০ টাকা।
অভিযানকালে সুজাউদ্দিনের কাছ থেকে ডায়মন্ড ছাড়াও বাংলাদেশি টাকা, ভারতীয় রুপি, মার্কিন ডলার ও থাই বাথ উদ্ধার করা হয়েছে। এছাড়া তার ব্যবহৃত একটি মোবাইল ফোন ও ডিজিটাল ঘড়ি জব্দ করা হয়। বিজিবির তথ্যমতে, সুজাউদ্দিন গত এক মাসে থাইল্যান্ড, মালয়েশিয়া, বাংলাদেশ ও ভারতের মধ্যে বেশ কয়েকবার যাতায়াত করেছেন। বর্তমানে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দকৃত মূল্যবান ডায়মন্ড ও বৈদেশিক মুদ্রা যশোর ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে বিজিবি।