জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যার বিচার প্রসঙ্গে সংসদে দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে।
সোমবার (৩০ মার্চ) বিকেলে সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এ প্রসঙ্গ ওঠে। এ সময় সংসদ সদস্য আখতার হোসেনের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িত পুলিশ সদস্যদের হতাহতের বিষয়টি ‘যুদ্ধের ময়দানেই ফয়সালা হয়ে গেছে’।
বক্তব্যে তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করছে যে, সব হত্যাকাণ্ডের বিচার করা হবে কিনা—“আমি সেই বিষয়ে আরেকটি অনুষ্ঠানে বলেছিলাম তা হলে মুক্তিযোদ্ধাদেরও বিচার করা হবে, রাজাকার হত্যার বিরুদ্ধে।”
তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থানের সময় রাজপথে অভ্যুত্থানকারী, আন্দোলনকারীদের বিরুদ্ধে যারা হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়ে হত্যাযজ্ঞ চালিয়েছে, ম্যাসাকার করেছে, গণহত্যা করেছে, তারা জনতার প্রতিরোধের মুখে কেউ কেউ হয়তো প্রাণ হারিয়েছে, কেউ কেউ আহত হয়েছে, সেটা যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে। সেখানে জুলাই যোদ্ধাদের সুরক্ষা দেওয়ার জন্য যে অধ্যাদেশ জারি করা হয়েছে, সে বিষয়ে আমরা এই অধ্যাদেশটি এখানে গ্রহণ করার জন্য সবাই সর্বসম্মত হয়েছি।”
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, “জুলাই যোদ্ধাদের ইনডেমনিটি দেওয়ার বিষয়ে আইনি এবং সাংবিধানিক সুরক্ষা দেওয়ার বিষয়ে জুলাই জাতীয় সনদে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি। ইনডেমনিটি দেওয়ার এই অঙ্গীকারের পরিপ্রেক্ষিতে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় জুলাই যোদ্ধা সুরক্ষা অধ্যাদেশ নামে একটা অধ্যাদেশ জারি করা হয়েছে।”