ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের ঝুঁকি নিয়ে নিজ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের দেওয়া সতর্কবার্তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ট্রাম্প দাবি করেছেন, যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্র অত্যন্ত 'সহজেই' ইরানকে পরাজিত করতে সক্ষম হবে।
মার্কিন গণমাধ্যমগুলোর তথ্যমতে, জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন ইরানের ওপর হামলার পরিণাম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, এ ধরনের পদক্ষেপ দীর্ঘমেয়াদী এবং রক্তক্ষয়ী সংঘাতের রূপ নিতে পারে। তবে ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক বার্তায় কেইনের এই সতর্কবার্তাকে 'শতভাগ ভুল' বলে অভিহিত করেছেন। ট্রাম্পের ভাষ্যমতে, জেনারেল কেইন যুদ্ধ চান না ঠিকই, তবে সামরিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হলে তিনি নিশ্চিতভাবে জয় ছিনিয়ে আনতে পারবেন।
এদিকে ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, যুদ্ধাস্ত্রের সম্ভাব্য ঘাটতি এবং মিত্র দেশগুলোর কাছ থেকে প্রয়োজনীয় সমর্থনের অভাব নিয়ে জেনারেল কেইন হোয়াইট হাউজ ও পেন্টাগনে তার আশঙ্কার কথা জানিয়েছেন। ওয়াল স্ট্রিট জার্নালও উল্লেখ করেছে যে, পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা ইরানে হামলার ক্ষেত্রে মার্কিন ও মিত্র বাহিনীর বিপুল হতাহতের ঝুঁকি এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নিয়ে প্রেসিডেন্টকে সতর্ক করেছেন।
অন্য একটি নিউজ আউটলেট অ্যাক্সিওস জানিয়েছে, জেনারেল কেইন যুক্তরাষ্ট্রকে একটি 'স্থায়ী ও অন্তহীন যুদ্ধে' জড়িয়ে পড়ার বিষয়ে সতর্ক করেছেন। এমনকি ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের গুরুত্বপূর্ণ ব্যক্তি, যেমন তার জামাতা জ্যারেড কুশনার এবং উপদেষ্টা স্টিভ উইটকফও তাকে সামরিক পথে না গিয়ে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের অনুরোধ জানিয়েছেন। তবে ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে, যুদ্ধের প্রয়োজনীয়তা দেখা দিলে তার নেতৃত্বেই মার্কিন বাহিনী জয়ের লক্ষ্যে লড়াই করবে।