যুক্তরাষ্ট্রে ব্যবসা বা পর্যটনের জন্য ভিসা নিতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য নতুন শর্ত ঘোষণা করেছে ঢাকার মার্কিন দূতাবাস। বুধবার (২১ জানুয়ারি) থেকে যেসব নাগরিক বি১/বি২ (ব্যবসা ও পর্যটন) ভিসার জন্য অনুমোদন পাবেন, তাদের সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে। তবে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত এফ বা এম ভিসাধারী শিক্ষার্থীদের ক্ষেত্রে এই বন্ড প্রযোজ্য হবে না।
ঢাকার মার্কিন দূতাবাস মঙ্গলবার (২০ জানুয়ারি) এক বার্তায় জানিয়েছে, কেবল প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যবসা বা পর্যটন ভিসার আবেদনকারীদের বন্ড পরিশোধ করতে হবে। শিক্ষার্থীদের (এফ/এম ভিসা) ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়।
দূতাবাস আরও সতর্ক করেছে, ভিসা সাক্ষাৎকারের আগে কোনোভাবেই বন্ড জমা দেওয়া যাবে না। আগাম জমা দেওয়া অর্থ ভিসা নিশ্চিত করবে না। তৃতীয় পক্ষের ওয়েবসাইট বা মধ্যস্থতাকারীদের মাধ্যমে অর্থ পরিশোধ করলে প্রতারণার ঝুঁকি থাকতে পারে। সাক্ষাৎকারের আগে জমা দেওয়া অর্থ ফেরতযোগ্য হবে না।
এর আগে, ১৯ জানুয়ারি দেওয়া এক বার্তায় দূতাবাস জানিয়েছে, ২০২৬ সালের ২১ জানুয়ারির আগে ইস্যু করা বৈধ বি১/বি২ ভিসাধারীদের জন্য এই বন্ড শর্ত প্রযোজ্য হবে না। নির্ধারিত শর্ত অনুযায়ী ভিসা ব্যবহার করলে পরবর্তীতে বন্ড অর্থ ফেরত দেওয়া হবে।
দূতাবাস আবেদনকারীদের অনুরোধ করেছে, ভিসা সংক্রান্ত সর্বশেষ তথ্য ও হালনাগাদ নির্দেশনা তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যাচাই করতে।