কঠোর নজরদারির মধ্যেও এসএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে নকল ও অসদুপায়ের অভিযোগে সারাদেশে মোট ১৯ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ৬ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৩ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১০ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তবে এদিন কোনো কক্ষ পরিদর্শক বা শিক্ষককে বহিষ্কার করা হয়নি।
পরীক্ষার তথ্য অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২ হাজার ৪৮১টি কেন্দ্রে মোট ১১ লাখ ১৮ হাজার ৭৬৪ পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১১ লাখ ৬ হাজার ৪৪৮ জন। এসব বোর্ডে অসদুপায়ের কারণে ৬ জন শিক্ষার্থী বহিষ্কৃত হয়।
অন্যদিকে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত আরবি প্রথমপত্র পরীক্ষায় ২ লাখ ৪১ হাজার ৭৩২ জন পরীক্ষার্থী অংশ নেয়, যেখানে ৩ জনকে বহিষ্কার করা হয়।
এছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি-২ পরীক্ষায় ১ লাখ ১৭ হাজার ৭৬১ জন অংশ নেয়। এই পরীক্ষায় সর্বোচ্চ ১০ জন শিক্ষার্থী অসদুপায়ের কারণে বহিষ্কৃত হয়।
উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা ২১ এপ্রিল শুরু হয়েছে এবং আগামী ২০ মে পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হচ্ছে। এরপর ৭ থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।







