জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ১৩ মে থেকে অনলাইনে এই কার্যক্রম শুরু হবে।
মঙ্গলবার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থীদের পাশাপাশি অনিয়মিত, গ্রেড উন্নয়ন এবং বিশেষ সুবিধাপ্রাপ্ত শিক্ষার্থীরাও পরীক্ষায় অংশ নিতে পারবেন। আবেদন প্রক্রিয়া অনলাইনে চলবে আগামী ১১ জুন পর্যন্ত।
আবেদন ফরম পূরণের পর তা সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। এরপর কলেজ কর্তৃপক্ষ ১৪ মে থেকে ১৫ জুনের মধ্যে তথ্য যাচাই ও নিশ্চিতকরণ সম্পন্ন করবে।
ফি পরিশোধের বিষয়ে জানানো হয়েছে, ‘সোনালী সেবা’র মাধ্যমে ১৭ জুন থেকে ১৮ জুন বিকেল ৪টা পর্যন্ত পরীক্ষার ফি জমা দেওয়া যাবে। নিয়মিত শিক্ষার্থীদের জন্য প্রতি পূর্ণ পত্রের ফি ৩০০ টাকা, ইনকোর্স ফি ৪৫০ টাকা এবং কেন্দ্র ফি ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২০১৭-১৮ শিক্ষাবর্ষের অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য ৫ হাজার টাকা বিশেষ ফি ধার্য করা হয়েছে।
আবেদন প্রক্রিয়ায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট (ems.nu.ac.bd) থেকে রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ফরম ডাউনলোড করতে পারবেন। ফরম পূরণের সময় বিষয় কোড সঠিকভাবে উল্লেখ করার নির্দেশ দেওয়া হয়েছে।
গ্রেড প্রমোশন সংক্রান্ত নিয়মে বলা হয়েছে, ১ম বর্ষ থেকে ২য় বর্ষে উত্তীর্ণ হতে হলে সব পরীক্ষায় অংশগ্রহণ করে অন্তত ৫০ শতাংশ তাত্ত্বিক কোর্সে ন্যূনতম ‘D’ গ্রেড অর্জন করতে হবে।
পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।







