আর্কাইভ
ads
logo

দেশের ১৮ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত-

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ৭ মে ২০২৬, ১০:০৩ এ.এম
দেশের ১৮ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত-

ছবি : সংগৃহীত

ads

দেশের অভ্যন্তরীণ ১৮টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে তীব্র বেগে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এসব এলাকায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। বৈরি আবহাওয়ার এই আশঙ্কায় সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত মেনে চলতে বলা হয়েছে।

বৃহস্পতিবার ভোর থেকে দুপুর পর্যন্ত সময়ের জন্য দেওয়া এক বিশেষ বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে এই জনপদগুলোর নদীবন্দরগুলোকে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পৃথক এক পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় হালকা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে মৃদু বাতাস প্রবাহিত হতে পারে। ঢাকায় দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা থাকলেও আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। আজ ভোরে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং গত ২৪ ঘণ্টায় এখানে উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে আরও জানানো হয়েছে, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এর ফলে সারা দেশেই দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ