আর্কাইভ
ads
logo

বঙ্গোপসাগরে লঘুচাপ, তিন বিভাগে ভারি বর্ষণের সতর্কতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১১ মে ২০২৬, ০২:৫৫ পি.এম
বঙ্গোপসাগরে লঘুচাপ, তিন বিভাগে ভারি বর্ষণের সতর্কতা

ads
টানা গরমের পর দেশের আবহাওয়ায় স্বস্তির আভাস মিলছে। বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপের প্রভাবে আগামী কয়েক দিনে সারা দেশেই বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারি থেকে অতি ভারি বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।

সোমবার (১১ মে) সকাল ১১টায় প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়, দেশের বিভিন্ন এলাকায় বজ্রমেঘ তৈরি হতে পারে এবং এ পরিস্থিতি কয়েক দিন স্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, বুধবার (১৩ মে) সন্ধ্যা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা অর্থাৎ ১৬ মে পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারি বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও অতি ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

বিশেষ করে সিলেট বিভাগের নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর শ্রীলঙ্কা উপকূলসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় লঘুচাপটি সৃষ্টি হয়েছে। একই সঙ্গে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, রোববার থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং আগামী দিনগুলোতে এর পরিমাণ আরও বাড়তে পারে। মঙ্গলবার থেকে রংপুর বিভাগে বৃষ্টির তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগেও বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ ড. ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, চলতি সপ্তাহের বাকি সময় দেশের প্রায় সব এলাকাতেই কমবেশি বৃষ্টিপাত হতে পারে। তবে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারি বর্ষণের আশঙ্কা বেশি।

তিনি আরও বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও শক্তিশালী হবে কি না, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। এটি শক্তিশালী হলে উপকূলের কোন এলাকায় প্রভাব ফেলতে পারে, সেটিও তখন বোঝা যাবে।

আবহাওয়া অফিস জানায়, সাধারণত ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হলে তাকে ‘ভারি’ বর্ষণ বলা হয়। আর ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হলে সেটিকে ‘অতি ভারি’ বৃষ্টি হিসেবে ধরা হয়।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, প্রথম দিন সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দেশের বাকি অংশে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। শুক্রবারও ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে সোমবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে। একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল লক্ষ্মীপুরের রামগতিতে, ৩৬ ডিগ্রি সেলসিয়াস।



ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ