বিশ্ব মানবাধিকার শহর ফোরাম ২০২৬-এ অংশ নিতে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার রাতে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরের উদ্দেশ্যে রওনা হন। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ তার দেশত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।
সফরকালে আসিফ মাহমুদ আন্তর্জাতিক মানবাধিকার, নাগরিক অধিকার এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনসম্পৃক্ততা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ সেশনে অংশ নেবেন। দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গেও তার একটি বিশেষ মতবিনিময় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে, যেখানে তিনি প্রবাসীদের সংকট, সম্ভাবনা ও দেশের উন্নয়নে তাদের ভূমিকা নিয়ে আলোচনা করবেন।
এছাড়া এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়া শাখার আয়োজনে একাধিক সাংগঠনিক বৈঠক ও প্রতিনিধি সম্মেলনে তার অংশগ্রহণের কর্মসূচি নির্ধারিত রয়েছে। সফরসূচি অনুযায়ী, আগামী ১৯ মে রাতে তার বাংলাদেশে ফেরার কথা রয়েছে।
এদিকে, আসিফ মাহমুদের এই বিদেশ সফরকে কেন্দ্র করে রোববার রাতভর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়ে পড়ে। তাকে ‘গ্রেপ্তার করা হয়েছে’ কিংবা তিনি ‘দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন’—এমন সব দাবির বিপরীতে তার এই রাষ্ট্রীয় ও সাংগঠনিক সফরের খবরটি স্পষ্ট হলো। বর্তমানে তিনি দক্ষিণ কোরিয়ার গুয়াংজুতে অবস্থান করছেন।







