ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দায়িত্ব পালনকালে ডাকাত দলের অতর্কিত হামলার শিকার হয়েছেন র্যাব-৯-এর তিন সদস্য।
সোমবার বিকেলে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতোয়া গ্রামে এই ঘটনা ঘটে। আহত র্যাব সদস্যরা হলেন মালেক, রাশেদ ও কাজল। তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
র্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. নূরনবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ৯ মে একজন ভ্যাট কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনা এবং ওই এলাকার কুখ্যাত ‘শফিক বাহিনী’ সম্পর্কে গোপন সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন বাহিনীর সদস্যরা। এ সময় অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়।
তিনি আরও জানান, হামলায় র্যাবের এক সদস্যের মাথায় ধারালো অস্ত্রের আঘাত লেগেছে, যার ফলে সেখানে সেলাই দিতে হয়েছে। এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে র্যাব সদস্যরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।







